Lionel Messi: চলতি ফুটবল বিশ্বকাপের মাঝে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি মারা গিয়েছেন। আর তাই মেসি তড়িঘড়ি আমেরিকা থেকে তাঁর দেশ আর্জেন্টিনায় ফেরত আসছেন। কয়েক মিনিটের মধ্যেই জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়ো।

Lionel Messi: চলতি ফুটবল বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনাজুড়ে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি মারা গিয়েছেন। আর তাই মেসি তড়িঘড়ি আমেরিকা থেকে তাঁর দেশ আর্জেন্টিনায় ফেরত আসছেন। তবে কয়েক মিনিটের মধ্যেই জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়ো। আর সেই ভুল খবর সম্প্রচারের জেরেই পদত্যাগ করতে হল আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ও অভিনেত্রী ফ্লোরেন্সিয়া পেনিয়াকে। ঘটনাটি ঘটে আর্জেন্টিনার ডিজিটাল টেলিভিশন প্ল্যাটফর্ম লুজু টিভির জনপ্রিয় অনুষ্ঠান 'এল শো দেল ভেরানো'-তে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেসির বাবার মৃত্য়ু গুজব

লাইভ সম্প্রচারের সময় ফ্লোরেন্সিয়া পেনিয়াকে তাঁর ইয়ারপিসের মাধ্যমে প্রযোজনা টিমের পক্ষ থেকে জানানো হয় যে মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু হয়েছে এবং খবরটি নিশ্চিত। সেই তথ্যের উপর ভরসা করেই তিনি দর্শকদের সামনে খবরটি ঘোষণা করেন। শুধু তাই নয়, সম্প্রচারের সময় তিনি মন্তব্য করেন যে বাবার মৃত্যুর কারণে মেসিকে হয়তো বিশ্বকাপের মাঝপথে ছেড়ে দেশে ফিরতে হতে পারে। বিশ্বকাপ চলাকালীন এমন খবরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

মেসির বাবা শারীরিক সমস্যার জন্য চিকিৎসাধীন

তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। জানা যায়, হোর্হে মেসি জীবিত রয়েছেন এবং তিনি একটি শারীরিক সমস্যার জন্য চিকিৎসাধীন। এরপর একই অনুষ্ঠানে নিজের ভুল স্বীকার করে খবরটি সংশোধন করেন পেনিয়া। মেসি পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়, ৬৮ বছর বয়সি হোর্হে মেসি সুস্থ হওয়ার পথে রয়েছেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা নিয়ে অযথা জল্পনা না করার এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর আবেদনও করা হয়।

ঘটনায় ক্ষুব্ধ মেসি অনুরাগীরা

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমী এবং মেসি অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন উঠতে থাকে, কোনও খবর যাচাই না করেই কীভাবে জাতীয় স্তরের একটি লাইভ অনুষ্ঠানে তা সম্প্রচার করা হল। বিতর্ক বাড়তেই প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেন্সিয়া পেনিয়া। তিনি জানান, মেসি পরিবারকে আঘাত করা বা মিথ্যা খবর ছড়ানোর কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। বরং প্রযোজনা দলের দেওয়া তথ্যকে সত্য বলে বিশ্বাস করেই তিনি তা সম্প্রচার করেছিলেন। পরে তিনি ব্যক্তিগতভাবে লিওনেল মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চান। সূত্রের খবর, মেসির মা তাঁর ক্ষমাপ্রার্থনা গ্রহণও করেছেন।

সঞ্চালিকার পদত্যাগ

তবে বিতর্ক থামেনি। ভুল তথ্য সম্প্রচারের দায় নিজের কাঁধে নিয়ে শেষ পর্যন্ত লুজু টিভির অনুষ্ঠান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন পেনিয়া। একইসঙ্গে প্রযোজনা দলের ভূমিকাও এখন সমালোচনার মুখে। অনেকের মতে, তথ্য যাচাই না করেই খবর সম্প্রচার করার ঘটনা সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার অন্যতম বড় মিডিয়া বিভ্রাট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সময়ে মেসি এবং তাঁর পরিবারকে ঘিরে এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে।

সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে নামছেন মেসিরা

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অস্ট্রিয়ার বিরুদ্ধে, আগামী সোমবার। আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করে হ্য়াটট্রিক করেন মেসি। গ্রুপে মেসিদের শেষ ম্যাচ ২৮ জুন, জর্ডনের বিরুদ্ধে।