জাতীয় ক্রীড়া দিবসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশের যুবসমাজকে খেলাধুলাকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দেশের তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের উৎসাহিত করার কথা বলেছেন।

National Sports Day: শনিবার, জাতীয় ক্রীড়া দিবস। এই দিনেই হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। একইসঙ্গে দেশের যুবসমাজকে খেলাধুলা ও ফিটনেসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার জন্য আবেদন করেন তিনি (National Sports Day)। এক্স (আগেকার টুইটার) হ্যান্ডেলে মাণ্ডব্য লেখেন, “মহান ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ জি-কে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা জানাই। এই জাতীয় ক্রীড়া দিবসে আমি দেশের যুবকদের খেলাধুলা ও ফিটনেসকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার জন্য অনুরোধ করছি।”

'ব্যক্তি ফিট থাকলে, সমাজও ফিট থাকবে'

শনিবার, সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাণ্ডব্য দেশের সব মানুষকে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সুস্থ সমাজ ও দেশ গড়তে ফিটনেস খুব জরুরি। তাঁর কথায়, “মেজর ধ্যানচাঁদের জন্মদিন ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আমরা সারা দেশের মানুষকে মাঠে এক ঘণ্টা কাটানোর আহ্বান জানিয়েছি। আমাদের স্ক্রিন থেকে দূরে সরে খেলার মাঠে যাওয়া উচিত, তা সে রাস্তা, মাঠ বা স্টেডিয়াম যাই হোক না কেন। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, আমরা যদি খেলি, তাহলে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তাই চলুন, এক ঘণ্টার জন্য মাঠে যাই এবং নিজেদের ফিট রাখি। ব্যক্তি যদি ফিট থাকে, তবে সমাজও ফিট থাকবে।”

National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষিত, অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ আজমল ও ট্রিজা জলি, খেলরত্ন পেলেন না কেউই?

তিনি আরও বলেন, একটি ফিট সমাজই একটি সুস্থ দেশ গঠনে সাহায্য করবে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে। মাণ্ডব্য যোগ করেন, “সমাজ ফিট থাকলে দেশ সুস্থ থাকবে, আর একমাত্র সুস্থ দেশই একটি সমৃদ্ধ দেশ হতে পারে, যা মোদীজির উন্নত ভারতের লক্ষ্য পূরণ করতে পারবে। তাই আসুন, আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে আমরা সবাই শপথ নিই যে প্রতিদিন এক ঘণ্টা মাঠে কাটাব এবং নিজেদের ফিট রাখব।”

তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশে জোর জয়শঙ্করের

অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দেশের তরুণ ক্রীড়া প্রতিভাদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ভারতের যুবসমাজের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। জাতীয় রাজধানীর পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অ্যান্ড্রুজ গঞ্জে ৬০ জন উঠতি স্কোয়াশ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার পর তিনি এই মন্তব্য করেন।

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, “ভারতের যুবকদের মধ্যে অসাধারণ প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে তাদের উৎসাহিত করা এবং যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অ্যান্ড্রুজ গঞ্জে ৬০ জন উঠতি স্কোয়াশ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। ২০২৮ সাল থেকে স্কোয়াশ অলিম্পিকের অংশ হবে। আনাহাত সিং-এর সাফল্য একটি বড় অনুপ্রেরণা।”

Tutu Bose: ক্রীড়া প্রশাসনে নক্ষত্র পতন! চলে গেলেন ময়দান ফুটবলের অন্যতম কর্তা টুটু বসু, শোকের ছায়া

জয়শঙ্কর আরও জানান যে, তিনি একটি স্কোয়াশ প্রতিভা বিকাশ প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, “ভারতী এন্টারপ্রাইজেস লিমিটেডের সঙ্গে মিলে এই স্কোয়াশ প্রতিভা বিকাশ প্রকল্পে সহায়তা করতে পেরে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। আমি আশা করি, আমাদের তরুণ ছেলেমেয়েরা ভারতকে গর্বিত করবে।”

প্রতি বছর ২৯ আগস্ট কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই দিনটির লক্ষ্য হল, বিশেষ করে যুবকদের মধ্যে খেলাধুলা এবং ফিটনেসকে উৎসাহিত করা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।