FIFA World Cup 2026: নিজেদের দেশে চলতি বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে মেক্সিকো (Mexico)। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রতিপক্ষই মেক্সিকোর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিশ্বকাপে এগিয়ে যাওয়াই মেক্সিকোর লক্ষ্য।
KNOW
FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে উড়িয়ে রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল অন্যতম আয়োজক দেশ মেক্সিকো (Mexico vs Ecuador)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে (Mexico City Stadium) ২-০ জয় পেল মেক্সিকো। শুরু থেকেই তাদের আক্রমণের ঝড়ে দিশেহারা হয়ে যায় ইকুয়েডরের রক্ষণ। একাধিক সুযোগ নষ্ট হওয়ার পর ২২ মিনিটে প্রথম গোল আসে। অসাধারণ শটে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন জুলিয়ান কুইনোনেজ (Julián Quiñones)। এরপর ৩১ মিনিটে ইকুয়েডরের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান রাউল জিমেনেজ (Raúl Jiménez)। প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি মেক্সিকো। ইকুয়েডর ব্যবধান কমানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের পক্ষে গোল করা সম্ভব হয়নি। ফলে সহজ জয় পেয়ে বিশ্বকাপে এগিয়ে গেল আয়োজক দেশ।

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে ম্যাচ
চলতি বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয়বার বৃষ্টি ও বজ্রপাতের জেরে ম্যাচে বিঘ্ন ঘটল। মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে আবহাওয়ার কারণে মেক্সিকোকে কোনওরকম সমস্যায় পড়তে হয়নি। ১৯৮৬ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবলে শেষবার নক-আউট পর্যায়ে কোনও ম্যাচে জয় পেয়েছিল মেক্সিকো। তারা ৪০ বছর পর সেই নজির স্পর্শ করল। ইকুয়েডর এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের নক-আউটে কোনও ম্যাচে জয় পায়নি। এবারও তাদের জয় অধরাই থেকে গেল। মেক্সিকো রাউন্ড অফ ১৬-এ ইংল্যান্ড (England) বা ডি আর কঙ্গোর (DR Congo) বিরুদ্ধে খেলবে।
বিশ্বকাপ ফুটবলে নতুন নজির মেক্সিকোর
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে গোল হজম না করেই প্রথম চার ম্যাচে জয় পেল মেক্সিকো। ১৯৮৬ সালের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে গোল হজম না করে জয় পায় ব্রাজিল (Brazil)। ১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল হজম না করে প্রথম পাঁচ ম্যাচে জয় পায় ইতালি (Italy)। এবার এই নজির গড়ল মেক্সিকো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


