Mohun Bagan Super Giant: গত কয়েক বছরে আইএসএল-এ (Indian Super League) সফলতম দল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও আইএসএল-এর শুরুটা দুর্দান্তভাবে করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এরই মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল।
KNOW
Mohun Bagan Super Giant vs Odisha FC: শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) আইএসএল-এ (Indian Super League 2026) ওড়িশা এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না কোনও দর্শক। এমনই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মোহনবাগান সমর্থকরা গ্যালারিতে যে আচরণ করেছিলেন, তা ভালোভাবে নেয়নি এআইএফএফ। আইএসএল-এর ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আতসবাজি বা শব্দবাজি জ্বালানো নিষিদ্ধ। কিন্তু মোহনবাগান সমর্থকরা ঠিক সেটাই করেছিলেন। এই কারণে দলের জরিমানা হয়েছে। এরপর আরও কঠোর সিদ্ধান্তের কথা জানাল ফেডারেশন। এই সিদ্ধান্তে হতাশ সবুজ-মেরুন শিবির। দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।
সবুজ-মেরুনের বিরুদ্ধে কঠোর ফেডারেশন
ইস্টবেঙ্গল সমর্থকরাও চলতি আইএসএল-এর শুরুর দিকের ম্যাচে গ্যালারিতে আতসবাজি পুড়িয়েছিলেন। ফেডারেশনের রক্তচক্ষুর সামনে পড়ে জামশেদপুর এফসি-র (East Bengal FC vs Jamshedpur FC) বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে সমর্থকদের আতসবাজি না পোড়ানোর আবেদন জানানো হয়। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের কথা জানায়নি ফেডারেশন। তবে মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
হতাশ সবুজ-মেরুন শিবির
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচে দর্শকদের অশোভনীয় আচরণের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ এনেছে এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি। ক্লাব দায়িত্ব নিয়ে আর্থিক জরিমানা মেনে নিয়েছে। কিন্তু এআইএফএফ চরম পদক্ষেপ নিয়ে ৬ মার্চ, ২০২৬ ওড়িশা এফসি-র বিরুদ্ধে আমাদের হোম ম্যাচে স্টেডিয়াম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমরা বিশ্বাস করি, অন্যায্যভাবে স্টেডিয়াম বন্ধ রাখলে আমাদের আবেগপ্রবণ, আইন মেনে চলা হাজার হাজার সমর্থককে শাস্তি দেওয়া হবে। আমাদের আবেদন, সমর্থকদের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। সমর্থকদের জন্যই ফুটবল। ওঁদের আরও সুবিধা প্রাপ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


