Indian Super League 2026: গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সফলতম দলের নাম মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এবারের আইএসএল-এর শুরুটাও দুর্দান্তভাবে করল সবুজ-মেরুন ব্রিগেড।
KNOW
Mohun Bagan Super Giant vs Kerala Blasters: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2026) নতুন মরসুমের শুরুতেই বজায় থাকল চ্যাম্পিয়নদের দাপট। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ২-০ হারিয়ে পুরো তিন পয়েন্ট ঘরে তুলল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে জেমি ম্যাকল্যারেন (৩৬ মিনিট) এবং একদম শেষ মুহূর্তে টম অলড্রেড (৯০+৬ মিনিট)-এর গোলে জয় নিশ্চিত করে মেরিনার্সরা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দল সাজিয়েছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের প্রধান কোচ সার্জিও লোবেরা। আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার জাদুতে মাঝমাঠের দখল ছিল বাগানের হাতেই। দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকল্যারেন জুটির রসায়ন এদিন বারবার কেরালার রক্ষণ ভেঙেছে। ম্যাচের ৩৬ মিনিটে পেত্রাতোসের বাড়ানো বল ধরে দুর্দান্ত ফিনিশে দলের খাতা খোলেন অজি তারকা ম্যাকল্যারেন। দ্বিতীয়ার্ধে কেরল ব্লাস্টার্স ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিশাল কাইথকে পরাস্ত করতে ব্যর্থ হয়। ইনজুরি টাইমে অনিরুদ্ধ থাপার মাপা ফ্রি-কিক থেকে হেডে গোল করে কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরিবর্ত হিসেবে নামা টম অলড্রেড।
এবার তৈরি দল মোহনবাগান সুপার জায়ান্টের
গত কয়েক বছর ধরে মূল দল ধরে রাখতে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরসুমে আইএসএল নিয়ে অনিশ্চয়তা থাকলেও, দলে কোনও বদল হয়নি। অনেকদিন পর দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামলেও, ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা দেখা গেল না। দলকে ভালোভাবে তৈরি করেছেন নতুন প্রধান কোচ লোবেরা। প্রথম ম্যাচেই দেখা গেল, এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার সবুজ-মেরুন ব্রিগেড।
প্রধান ভরসা ম্যাকলারেন
অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার ম্যাকলারেন এবারও মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান ভরসা। গোলের জন্য সবসময় তাঁর দিকে তাকিয়ে থাকে দল। সামান্য সুযোগ পেলেই গোল করার ক্ষমতা আছে এই স্ট্রাইকারের। তিনি সুযোগ সন্ধানী খেলোয়াড়। মাঠে নেমে গোল করাই তাঁর একমাত্র লক্ষ্য। এবারের আইএসএল-এর প্রথম ম্যাচেই সেই লক্ষ্যে সফল হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


