Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শোনা যাচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে পর্তুগালের জার্সিতে তাঁর শেষ খেলা। যে মাঠে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই লিসবনের মাঠেই হতে পারে সিআর৭-র বিদায়ী ম্যাচ।

Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এমনই জল্পনা এখন তুঙ্গে। খবর অনুযায়ী, উয়েফা নেশনস লিগে আগামী ২৪ সেপ্টেম্বর, ওয়েলসের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে পর্তুগালের জার্সিতে তাঁর শেষ ম্যাচ (Ronaldo Retirement)। সাংবাদিক মহম্মদ আওয়াদ এক পর্তুগিজ এজেন্টের কথা উল্লেখ করে জানিয়েছেন, লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে, এই বিদায়ী ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই মাঠেই স্পোর্টিং লিসবনের হয়ে রোনাল্ডোর বর্ণময় ক্যারিয়ারের শুরু হয়েছিল। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশন বা রোনাল্ডো নিজে এখনও এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানাননি।

এবার তাহলে শেষপর্ব

৪১ বছর বয়সী রোনাল্ডোর ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছিল স্পোর্টিং সিপির অ্যাকাডেমিতে। ২০০৩ সালে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তিনি স্পোর্টিংয়ের হয়েই নজর কাড়েন। এরপর প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়েই থেকেছেন তিনি। যে মাঠে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই মাঠেই তাঁর বর্ণময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা হলে, তা নিঃসন্দেহে ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হবে। এটি ২০২৬-২৭ নেশনস লিগ সিজনে পর্তুগালের প্রথম ম্যাচ হতে চলেছে।

পর্তুগালের জার্সি তুলে রাখার দিনক্ষণ কি চূড়ান্ত করে ফেলেছেন সিআর৭?

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, দুটিই ক্রিশ্চিয়ানোর দখলে। পর্তুগালের হয়ে ২৩৩টি ম্যাচে তিনি ১৪৬টি গোল করেছেন। তাঁর ক্যারিয়ারের সেরা সাফল্যগুলির মধ্যে রয়েছে ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জয়। গত বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ছিটকে যায় পর্তুগাল। ম্যাচের পর রোনাল্ডো নিশ্চিত করেছিলেন যে, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু জাতীয় দল থেকে কবে অবসর নেবেন তা তখন জানাননি। বিশ্বকাপের পর, জর্জ জেসুস পর্তুগাল দলের নতুন কোচ হয়েছেন। নতুন কোচের অধীনে তিনি খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে রোনাল্ডো এখনও মুখ খোলেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।