Badminton News: ভারতীয় ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে নতুন তারকা হয়ে উঠছেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য পাচ্ছে এই জুটি। জাপানে (Japan) কুমামোতে মাস্টার্সে (Kumamoto Masters 2026) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তৃষা-গোপীচাঁদ।

DID YOU
KNOW
?
বুধবার নামছেন লক্ষ্য সেন
কুমামোতো মাস্টার্স জাপানে পুরুষদের সিঙ্গলসে বুধবার প্রথম রাউন্ডের লড়াইয়ে নামছেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন।

Kumamoto Masters Japan 2026: কুমামোতো মাস্টার্স জাপান ২০২৬ ব্যাডমিন্টন (Badminton) প্রতিযোগিতায় দুরন্ত শুরু করল ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। মঙ্গলবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিশ্বের ১৩ নম্বর জাপানি জুটি হিনাতা সুজুকি ও নাও ইয়ামাকিতাকে স্ট্রেট গেমে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের ২০ নম্বর বাছাই জুটি। ৪২ মিনিটের লড়াইয়ে তৃষা-গায়ত্রী ২১-১৭, ২১-১৪ ব্যবধানে জয় পেলেন। কুমামোতো প্রিফেকচারাল জিমন্যাশিয়ামে (Kumamoto Prefectural Gymnasium) আয়োজিত বিডব্লুএফ সুপার ৫০০ প্রতিযোগিতার (BWF Super 500 Tournament) প্রথম রাউন্ডে এই প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই জুটি। চলতি বছরে কানাডা ওপেনের (Canada Open 2026) চ্যাম্পিয়ন সুজুকি ও ইয়ামাকিতা গত মাসে ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতায় (Denmark Open Super 750 2026) রানার্স হয়েছিলেন। তবে এদিন ভারতীয় জুটির সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তাঁরা।

ঘুরে দাঁড়ালেন তৃষা-গায়ত্রী

গত মাসে ফরাসি ওপেনের (French Open 2026) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তৃষা ও গায়ত্রীকে। সেই হতাশা কাটিয়ে এদিন কোর্টে নেমেই ছন্দে ফিরলেন তাঁরা। প্রথম গেমে শুরুতে ৪-৮ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। তবে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরপর সাত পয়েন্ট জিতে ১১-৮ ব্যবধানে বিরতিতে এগিয়ে যান তৃষা-গায়ত্রী। পরে জাপানি জুটি লড়াইয়ে ফেরার চেষ্টা করে ব্যবধান কমিয়ে ১৩-১২ করে। কিন্তু শেষপর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে ২১-১৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেন ভারতীয়রা। দ্বিতীয় গেমে ভারতীয় জুটির দাপট ছিল বেশি। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে ২১-১৪ ব্যবধানে গেম জিতে ম্যাচ জিতে নেন তৃষা ও গায়ত্রী। প্রি-কোয়ার্টার ফাইনালে এবার আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ভারতীয় জুটিকে। তাঁদের প্রতিপক্ষ প্রতিযোগিতার তৃতীয় বাছাই এবং বিশ্বের পাঁচ নম্বর জাপানি জুটি রিন ইওয়ানাগা ও কিয়ে নাকানিশি। এর আগে দুই জুটির মুখোমুখি সাক্ষাতে ফল ১-১। চলতি বছরের শুরুতে দিল্লিতে আয়োজিত বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে ২১-১৬, ২১-১২ ব্যবধানে জিতেছিলেন তৃষা ও গায়ত্রী।

পুরুষদের ডাবলসেও সাফল্য ভারতের

পুরুষদের ডাবলসেও সুখবর পেয়েছে ভারত। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন হরিহরণ আমসকরুণন ও এম আর অর্জুন। প্রথম রাউন্ডে তাঁদের প্রতিপক্ষ ছিল প্রতিযোগিতার তৃতীয় বাছাই মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উয়ি ইক। তবে চোটের কারণে ম্যাচের মাঝপথেই সরে দাঁড়ায় মালয়েশীয় জুটি। তখন ১১-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন বিশ্বের ২৯ নম্বর ভারতীয় জুটি। ফলে বিনা লড়াইয়ে পরের রাউন্ডে পৌঁছে যান হরিহরণ-অর্জুন। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ জাপানের তাকুরো হোকি-ইউগো কোবায়াশি এবং হংকং চিনের হাং কুই চুন-লুই চুন ওয়াই জুটির মধ্যে জয়ী দল। তবে মিক্সড ডাবলসে হতাশ হতে হয়েছে ভারতকে। যোগ্যতা অর্জন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের চেন ঝি ই ও ফ্রান্সেসকা করবেটের কাছে ১৬-২১, ১৫-২১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন ধ্রুব কপিলা ও রাধিকা শর্মা। এদিকে, বুধবার এই প্রতিযোগিতায় অভিযান শুরু করবেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। তবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।