Viswanathan Anand News: গত শতাব্দীর ন'য়ের দশকে ভারতীয় দাবার সবচেয়ে বড় ভরসা ছিলেন বিশ্বনাথন আনন্দ। এখন তিনি আর ৬৪ খোপে পেশাদার দাবাড়ু হিসেবে লড়াই করছেন না। তবে এখনও দাবার সঙ্গে যুক্ত এই কিংবদন্তি। তিনি এবার আন্তর্জাতিক দাবা সংস্থার (International Chess Federation) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
KNOW
Chess News: আন্তর্জাতিক দাবা সংস্থায় (International Chess Federation) বড় দায়িত্ব পেলেন ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। তিনি ফিডে-র অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ফিডে প্রেসিডেন্ট আর্কাডি ডরকোভিচের (Arkady Dvorkovich) উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (European Union)। এই কারণেই আনন্দকে অন্তর্বর্তী ফিডে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) পরিপ্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঘোষিত ইইউ-এর সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় ডরকোভিচের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালে ফিডে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে সরিয়ে দেওয়া হল।
নতুন দায়িত্ব পালন করতে তৈরি আনন্দ
ডরকোভিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আনন্দ। ২০২২ সালের ফিডে প্রেসিডেন্ট নির্বাচনে ডরকোভিচের পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছিলেন তিনি। পরে চেন্নাইয়ে (Chennai) মহাবলিপুরম দাবা অলিম্পিয়াড চলাকালীন অনুষ্ঠিত ফিডে কংগ্রেসে আনন্দকে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আনন্দ বলেছেন, তাঁর লক্ষ্য হবে সংস্থার ধারাবাহিকতা বজায় রাখা এবং বিশ্বজুড়ে দাবা পরিবারের সেবা করা। 'এক্স' হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট আর্কাডি ডরকোভিচ তাঁর দায়িত্ব পালন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এবং ফিডে সনদ অনুযায়ী আমি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ফিডের স্বার্থ ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমি আর্কাডিকে ধন্যবাদ জানাই। ফিডে কাউন্সিল, প্রশাসন এবং আমাদের সদস্য ফেডারেশনগুলির সঙ্গে একযোগে আমার মূল লক্ষ্য হবে ধারাবাহিকতা বজায় রাখা এবং বিশ্ব দাবা পরিবারের সেবা করা। ফিডে-র কার্যক্রম অব্যাহত থাকবে। আর্কাডি একটি শক্তিশালী দল ও সুস্পষ্ট লক্ষ্য তৈরি করেছেন। সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের সবার যৌথ দায়িত্ব। Gens Una Sumus.’
ডরকোভিচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইইউ জানিয়েছে, ডরকোভিচ তাঁর ফিডে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে রুশ সরকারের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমকে উৎসাহিত করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা-সংক্রান্ত নথিতে তাঁর পূর্বতন রাজনৈতিক দায়িত্ব, পুনর্নির্বাচনে মস্কোর সমর্থন এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা সংক্রান্ত জল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


