Instagram Plus: ফেলো কড়ি, দেখো ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়ার জগতে নতুন পদক্ষেপ নিল মার্ক জুকারবার্গের 'মেটা'। জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে চালু হল নতুন পেইড সাবস্ক্রিপশন পরিষেবা ইনস্টাগ্রাম প্লাস।

Instagram Plus: ফেলো কড়ি, দেখো ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়ার জগতে নতুন পদক্ষেপ নিল মার্ক জুকারবার্গের 'মেটা'। জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে চালু হল নতুন পেইড সাবস্ক্রিপশন পরিষেবা ইনস্টাগ্রাম প্লাস (Instagram Plus)। ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও এই পরিষেবা চালু করা হচ্ছে। মূলত যাঁরা ইনস্টাগ্রামে বেশি সময় কাটান, কনটেন্ট তৈরি করেন বা অতিরিক্ত কিছু সুবিধা চান, তাঁদের লক্ষ্য করেই এই নতুন সাবস্ক্রিপশন পরিষেবা আনা হয়েছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মাসিক ৯৯ টাকা থেকে ২৯৯ টাকার সাবস্ক্রিপশন

তবে মেটা স্পষ্ট করে দিয়েছে, ইনস্টাগ্রামের বর্তমান বিনামূল্যের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। আগের মতোই সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যাপ ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রাম প্লাস সম্পূর্ণ ঐচ্ছিক পরিষেবা বলে জানিয়েছে META। ভারতে এই সাবস্ক্রিপশনের মূল্য নিয়ে বিভিন্ন রিপোর্টে ভিন্ন তথ্য সামনে এসেছে। একটি প্রতিবেদনে মাসিক মূল্য ২৯৯ টাকা বলা হলেও, অন্য কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, মাসে ৯৯ টাকায় এই পরিষেবা পাওয়া যাবে। এমনকি প্রথম ছয় মাসের জন্য ৪৯ টাকার বিশেষ অফারও থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে এর দাম রাখা হয়েছে প্রায় ৩.৯৯ মার্কিন ডলার।

কী কী বিশেষ সুবিধা মিলবে

ইনস্টা প্লাস-এর অন্যতম বড় আকর্ষণ হল দীর্ঘমেয়াদি স্টোরি। সাধারণত ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। কিন্তু সাবস্ক্রাইবাররা ৪৮ ঘণ্টা পর্যন্ত স্টোরি সক্রিয় রাখতে পারবেন। এছাড়া একাধিক কাস্টম অডিয়েন্স তৈরি করা, স্টোরিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য 'Story Spotlight' ব্যবহার করা এবং স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে তার বিস্তারিত তথ্য জানার সুবিধাও মিলবে।

অতিরিক্ত কী কী সুবিধা মিলবে

এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা স্টোরি ভিউয়ারদের তালিকায় সহজে সার্চ করতে পারবেন। পাশাপাশি অন্যের স্টোরি গোপনে দেখার সুবিধাও থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ স্টোরি দেখলেও দর্শকের তালিকায় নাম দেখা যাবে না। এছাড়া ‘Super Hearts’ পাঠিয়ে বিশেষ ধরনের প্রতিক্রিয়া জানানোর সুযোগও মিলবে। ইনস্টাগ্রাম প্লাস গ্রাহকরা আরও বেশি প্রোফাইল কাস্টমাইজেশনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে কাস্টম অ্যাপ আইকন, বিশেষ বায়ো ফন্ট এবং প্রোফাইলে আরও বেশি পোস্ট পিন করার সুযোগ। এমনকি কিছু পোস্ট সরাসরি প্রোফাইলে প্রকাশ করা যাবে, যা অনুসরণকারীদের মূল ফিডে না-ও দেখা যেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে মেটা। 'ইনস্টাগ্রাম প্লাস' নিলেও বিজ্ঞাপনের জ্বালা থেকে মুক্তি মিলবে না। আগের মতোই অ্যাপে বিজ্ঞাপন দেখা যাবে।

মেক্সিকো, জাপানে এই পরিষেবা ইতিমধ্যেই চালু আছে

উল্লেখ্য, এর আগে মেক্সিকো, জাপান এবং ফিলিপিন্সে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বৃহত্তর পরিসরে রোলআউট শুরু হয়েছে। মেটার দাবি, ভবিষ্যতে Instagram Plus-এ আরও নতুন ফিচার যুক্ত করা হবে।

কী বলছে নেটিজেনরা

বিশেষজ্ঞদের মতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে কেন্দ্র করে সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবা বাড়ানোর যে কৌশল মেটা নিয়েছে, ইনস্টগ্রাম প্লাস সেই পরিকল্পনারই অংশ। যদিও এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশের মতে, অতিরিক্ত ফিচারের জন্য অর্থ খরচ করা যুক্তিযুক্ত। আবার অনেকের প্রশ্ন, এতদিন বিনামূল্যে পাওয়া প্ল্যাটফর্মে নতুন সুবিধার জন্য আলাদা টাকা কেন দিতে হবে? তবে আপাতত Instagram Plus সকলের জন্য একসঙ্গে উপলব্ধ নাও হতে পারে। ধাপে ধাপে যোগ্য অ্যাকাউন্টগুলিতে এই সাবস্ক্রিপশন অপশন দেখা যাবে বলে জানা গিয়েছে।