
মসজিদে লুকিয়েও শেষরক্ষা হল না! কুলগামে 'শেষ' লস্কর কমান্ডার!
Kulgam Search Operation | কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর বড়সড় অভিযান! এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার কমান্ডার লতিফ ভাট। বুধবার সকাল থেকেই ভারতীয় সেনা, আধা সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই শুরু হয়। আত্মসমর্পণের জন্য বারবার ভিডিয়ো কল করে বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রাজি হয়নি ওই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর দাবি, লতিফ ভাটকে আত্মসমর্পণের জন্য দীর্ঘক্ষণ বোঝানো হয়েছিল। এমনকী তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে একটি মসজিদে আশ্রয় নেয়। এরপর ফের শুরু হয় অভিযান এবং গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর কমান্ডার। কুলগামের এসএসপি আনায়াত আলি জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে লতিফের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে কোনও কথাই শোনেনি। অন্যদিকে, জঙ্গির গতিবিধি নজরে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।