
Jagadhatri puja : জগদ্ধাত্রী পুজোয় বেলুড় মঠের মহারাজের বড় বার্তা, তারকা ফুটবালদের ঢল
বসিরহাট ভ্রাতৃ সংঘের ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা।
বসিরহাট ভ্রাতৃ সংঘের ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা। একদিকে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজের মুখে সম্প্রীতির বার্তা, অন্যদিকে দেশের ফুটবলের পরিকাঠামো উন্নয়নের দাবি তুললেন প্রাক্তন ফুটবলাররা। মহারাজ বলেন, বাংলা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। দুর্গাপুজো হোক বা জগদ্ধাত্রী পুজো, সমস্ত ধর্মের মানুষের মিলনক্ষেত্র এই উৎসব। মায়ের কাছে জাতি-ধর্মের কোনও ভেদাভেদ নেই, সকলেই সমান। অন্যদিকে, ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মিহির বসুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের বক্তব্য, শুধু ব্রাজিল বা উরুগুয়ের মতো ফুটবল শক্তিধর দেশকে ভারতে খেলতে আনলেই হবে না। দেশের ফুটবলের পরিকাঠামো উন্নয়ন, তৃণমূল স্তরে প্রশিক্ষণ এবং নতুন প্রতিভা তুলে আনার উপর জোর দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী মধুমিতা সরকার-সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। আতশবাজি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় পুজোর।