পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে সর্বকালের সর্বোচ্চ ভোট পড়ার একদিন পর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এই বিপুল ভোটদান স্পষ্টতই বিজেপির প্রতি জনসমর্থনের ইঙ্গিত বহন করছে। তিনি আরও যোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতি এখন সময়ের অপেক্ষা এবং বিজেপিই পরবর্তী সরকার গঠন করতে চলেছে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে সর্বকালের সর্বোচ্চ ভোট পড়ার একদিন পর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এই বিপুল ভোটদান স্পষ্টতই বিজেপির প্রতি জনসমর্থনের ইঙ্গিত বহন করছে। তিনি আরও যোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতি এখন সময়ের অপেক্ষা এবং বিজেপিই পরবর্তী সরকার গঠন করতে চলেছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ প্রথম দফার নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি দাবি করেন যে ১৫২টি আসনের মধ্যে ১১০টিতেই জয়লাভ করবে গেরুয়া শিবির। তিনি বলেন, “আমরা জনগণের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা থেকে স্পষ্ট যে বাংলার মানুষ প্রথম দফার ভোটেই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন। এই বাংলার মাটি নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের পথকেই বেছে নিয়েছে। প্রথম দফার নির্বাচনে ভোটারদের বিপুল উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে যে ‘দিদি’র বিদায়ঘণ্টা বেজে গেছে এবং বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে।”

ভোটের ফলাফলের বিষয়ে দলের নিজস্ব মূল্যায়ন ব্যাখ্যা করতে গিয়ে শাহ জোর দিয়ে বলেন, “১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জয়লাভ করবে। এর অর্থ হল দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পরেই আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছে যাব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অঙ্গীকার করেন যে, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে চলা “সন্ত্রাসের রাজত্ব”-এর অবসান ঘটানো হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। শাহ বলেন, “পরিবর্তন মানে হল অনুপ্রবেশমুক্ত বাংলা। দুর্নীতি, তোষণনীতি ও তোলাবাজি থেকে মুক্তি এবং সেই সঙ্গে রাজ্যের যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।” তিনি আরও জোর দিয়ে বলেন যে, নতুন সরকারের অধীনে নারী নিরাপত্তাই হবে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।

অমিত শাহ বললেন 'আমি দিদিকে বলতে চাই, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, বাংলায় জন্ম নেওয়া, বাংলাভাষী বিজেপি-র কার্যকর্তা হতে চলেছে। বাংলা মিডিয়ামে পড়া ব্যক্তি বাংলার মুখ্যমন্ত্রী হবে বিজেপির তরফে। ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবে না।" অমিত শাহ বলেন, "যে মহিলা মুখ্যমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মেয়েরা কেন বাইরে বেরোচ্ছেন? তাঁর শাসন করার অধিকার নেই। বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও নির্ভয়ে মেয়েরা স্কুটিতে বেরোতে পারবেন। কোনও গুণ্ডা আসবে না। মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করার জবাবও মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যাবেন। দেশের বৃহৎ অংশ নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের সঙ্গে জুড়ে গেছে। আমি মানি এই ভরসা ভোটে বদলে বিজেপির জয় করাবে। দ্বিতীয় দফার ভোটারদের বলছি, মুক্ত হয়ে, নিজের ইচ্ছায় ভোট দিন। পুরনো দিনের ভোট ভুলে যান। আগামীতে সোনার ভবিষ্যতের জন্য ভোট দান করুন। নির্বাচন কমিশন এবার খুব কড়াভাবে এবার নজরদারি রাখছে। এখানে প্রতিষ্ঠান বিরোধিতা চরমে। গতবারও ছিল। কিন্তু বহু মানুষ ভোট দিতে পারেনি গতবার। কিন্তু এ বারে শুরু থেকেই প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন ভয় মুক্ত ভোটিংয়ের লক্ষ্যেই কাজ করেছে। তাই আমাদের পক্ষেই পরিণাম আসবে।"