অন্নপূর্ণা যোজনায় আরও কড়া হচ্ছে যাচাই! সেপ্টেম্বরের পর অক্টোবরেও মিলবে কি ৩ হাজার টাকা? কারা পাবেন অক্টোবরের কিস্তি, আর নথি বা আবেদনে কী কী সমস্যা থাকলে তালিকা থেকে বাদ পড়তে পারেন, জেনে নিন বিস্তারিত।
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের বহু মহিলা পেয়েছেন ৩ হাজার টাকা। কিন্তু সেপ্টেম্বরের কিস্তি হাতে পেলেই যে পরের মাসের টাকা নিশ্চিত, এমনটা নয়। অক্টোবরের কিস্তি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ এখনও চলছে আবেদন ও নথি যাচাইয়ের কাজ। আর সেই যাচাই প্রক্রিয়াই ক্রমশ আরও কড়া করা হচ্ছে।
গত ১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা পাঠানো শুরু হয়। ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল। বিপুল সংখ্যক উপভোক্তার তথ্য যাচাই করতে সময় লাগছে। ফলে এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি।
মন্ত্রী মালতি রাভা রায় আগেই জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পরেও পরবর্তী যাচাইয়ে কেউ অযোগ্য প্রমাণিত হলে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ, টাকা পাওয়ার পরেও আবেদনকারীর নথি, যোগ্যতা এবং আবেদনে দেওয়া তথ্য ফের মিলিয়ে দেখা হতে পারে।
আবেদনের সময় ভুল তথ্য দেওয়া, কোনও তথ্য গোপন করা কিংবা জমা দেওয়া নথির সঙ্গে আবেদনের তথ্যের অমিল থাকলে সমস্যায় পড়তে পারেন উপভোক্তারা। অনলাইনে আবেদন করার সময় অনেকেই তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ উঠেছে। যাচাইয়ের সময় সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ে এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু অনলাইনে জমা দেওয়া তথ্যের উপর নির্ভর না করে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করা হচ্ছে। আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলছে কি না, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।
কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না?
অন্নপূর্ণা প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতারা এই সুবিধার আওতায় পড়েন না। যাচাইয়ের সময় আবেদনকারীরা এই শ্রেণির মধ্যে পড়ছেন কি না, তাও দেখা হচ্ছে।
অক্টোবরে কবে ঢুকবে টাকা?
অক্টোবরের কিস্তির নির্দিষ্ট তারিখ এখনও সরকারিভাবে জানানো হয়নি। আগের ঘোষণা অনুযায়ী, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পেতে পারেন। তবে ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে—এমন কোনও নিশ্চিত ঘোষণা এখনও নেই। ৩ অক্টোবরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নথি যাচাইয়ের কাজ চলছে। যোগ্য সকলেই টাকা পাবেন এবং কাউকে বঞ্চিত করা হবে না।
টাকা না এলে কী করবেন?
আবেদনের স্ট্যাটাসে ‘Under Enquiry’, ‘Under Process’ বা ‘Rejected’ দেখালে বিষয়টি খতিয়ে দেখার সুযোগ রয়েছে। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘সেবা সেতু’ শিবির। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যা জানানো যাবে।
অন্যদিকে, টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভের খবরও সামনে এসেছে। ফলে অক্টোবরের কিস্তি কবে ঢুকবে এবং কারা শেষ পর্যন্ত যোগ্য হিসেবে বিবেচিত হবেন, এখন সেদিকেই নজর উপভোক্তাদের।
