Baruipur Crime News: বারুইপুরের ঘটনার তদন্তে এবার রাজ্য পুলিশের সিআইডি। কেন এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে গেল? কী বলছে পুলিশ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Baruipur Crime News: বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের তদন্তভার দেওয়া হল রাজ্য পুলিশের CID-কে। মঙ্গলবার রাতে পুলিশি এনকাউন্টারে নিহত হন ধর্ষণ এবং খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় ইতিমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এ বার ওই এনকাউন্টারের পুলিশি তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। বারুইপুর পুলিশ জেলার পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন অভিযুক্ত প্রভাস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্ত হয়। সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি-র তদন্তের পাশাপাশি ওই বিচারবিভাগীয় তদন্তও চলবে সমান্তরাল ভাবে বলে জানা গিয়েছে।

বারুইপুরকাণ্ড নিয়ে কী বলছে পুলিশ?

এদিকে, প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। এহেন পরিস্থিতিতে ঘটনার তদন্তভার তুলে দেওয়া হল সিআইডির হাতে। মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। এমনকী কেন পুলিশকে গুলি চালাতে হল তাও সিআইডি খতিয়ে দেখবে বলে খবর।

উল্লেখ্য, গত রবিবার ১২ বছরের কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। উত্তেজিত জনতার গণপ্রহারে এক তরুণের মৃত্যু পর্যন্ত হয়। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেন। দোষীদের গ্রেফতার আর শাস্তির দাবিতে ঘণ্টখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সড়ক অবরোধ। উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ লাঠি চার্জ করে। যাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি মোকাবিলায় হাল ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিহত কিশোরীর বাবা ও মাকে সোমবার ভবানীভবনে দেখা করতে বলেন। অন্যদিকে আইজি কঙ্কররপ্রসাদ বাড়ুই আশ্বাস দিয়েছেন দোষীদের রেয়াত করা হবে না। আর তারপরই পরপর তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, ঘটনায় মূল অভিযুক্ত ছিলো প্রভাস মণ্ডল। মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনঃনির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের থেকে সে পিস্তল ছিনতাই করে নেয় বলে অভিযোগ। সূত্রের খবর, এরপরই আত্মরক্ষার্থে পুলিশ এনকাউন্টার করে প্রভাস মণ্ডলকে। আর এদিকে বাংলায় প্রথমবার এনকাউন্টার নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে এলাকার নিরাপত্তা রক্ষায় পুলিশ আউটপোস্ট তৈরি করা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।