আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের শাসনের অবসান হবে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। রবিবার বিজেপির একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসেন রেখা।
আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের শাসনের অবসান হবে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। রবিবার বিজেপির একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসেন রেখা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই কালীঘাট মন্দিরে পুজো দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি রাজ্যে পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদ, গুন্ডামি এবং লোভের রাজনীতির অবসান ঘটছে। এই নির্বাচন বাংলায় পরিবর্তন আনবে। বাংলায় সাধারণ জনগণ প্রতারিত, যেভাবে বাংলার মা বোনেদের মর্যাদা ঝুঁকির মুখে ফেলা হচ্ছে, জনসাধারণকে লুট করা হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে, জনগণ তা দেখছে। জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।"

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টায় বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি জনগণের কণ্ঠস্বর দমন করতে পারবেন না। জনগণ ঠিক করে নিয়েছে, এবার বদল হবেই।"

রবিবার সকালে কলকাতা আসেন রেখা গুপ্তা। এরপর কালীঘাট মন্দিরে পৌঁছে পুজো দেন তিনি। পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি, গলায় গেরুয়া রঙের উত্তরীয়। রেখার জন্য মন্দির চত্ত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দুপুরে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত একটি মহিলা সম্মেলনে যোগ দেন তিনি। রেখা গুপ্তা ছাড়াও ওই মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট নেতৃত্ব।


