BJP vs AITC: বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly Election) যত এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই দক্ষিণ ২৪ পরগনাতেও উত্তেজনা বাড়ছে। এই জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এখানে এবার লড়াই করার চেষ্টা করছে বিজেপি। ফলে ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

DID YOU
KNOW
?
ভোটের আগে উত্তেজনা
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

West Bengal Politics: বাড়িতে বিজেপি-র (BJP) বৈঠক হওয়ায় সেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (AITC) বিরুদ্ধে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের সংগ্রামীনগরের ঘটনা। ঘটনায় বাচ্চু মান্না ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কাশেম সর্দার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, এদিন কেন্দ্রের এক বিজেপি কর্মী শ্যামলা রামধারে নির্বাচনী কর্মসূচি নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠকের পাশাপাশি বাচ্চুর বাড়িতে দুপুরের আহারের ব্যবস্থা ছিল। অভিযোগ, যখন এসব সেখানে চলছিল, তখন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা বাচ্চুর বাড়ির ছবি তোলে। তার প্রতিবাদ করতেই লোকজন নিয়ে এসে ওই পঞ্চায়েত সদস্যা হামলা চালায় বাচ্চুর বাড়িতে। এমনই অভিযোগ বাচ্চুর পরিবারের। 

শাসক দলের হামলায় আহত একাধিক

বিজেপি-র অভিযোগ, মারধর করা হয় বাচ্চু-সহ তাঁর ছেলে শুভময় ও স্ত্রী সীমা মান্নাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই উত্তেজনা ছড়ায়। স্থানীয় অঞ্চলে বিজেপি-র সঙ্গে যুক্ত থাকার কারণেই এই হামলা বলে দাবি তাঁদের। যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসক দল। তাদের দাবি, স্থানীয় পঞ্চায়েত সদস্যা ঝর্না হালদার সেখানে দেওয়াল লিখছিলেন। তাঁকেই কটূক্তি করেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। প্রতিবাদ করলে চুলের মুঠি ধরে মারধর করা হয় তাঁকে। এ নিয়েই অশান্তি হয়েছে। বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন।

ভোটের আগে বাড়ছে উত্তেজনা

এবার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ করা হবে দক্ষিণ ২৪ পরগনায়। ফলে ভোটগ্রহণের আগে এক মাসেরও বেশি সময় বাকি। ভোটের নির্ঘণ্ট ও প্রার্থী ঘোষণার পর প্রচার শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে শাসক দলের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল। বিজেপি-র অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের ভয় দেখাতে চাইছে শাসক দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।