Census: জনগণনা শুরু, কী কী তথ্য ও নথি হাতের কাছে রাখবেন? জেনে নিন সহজ পদ্ধতি
Census 2026: আজ থেকে শুরু জনগণনা ২০২৬। কোন পোর্টালে লগ ইন করবেন, কী কী তথ্য ও নথি লাগবে, স্ব-শুমারের সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন এক ক্লিকে। স্ব-শুমারে না গেলেও সমস্যা হবে না।

আজ থেকেই শুরু জনগণনা
আজ, শনিবার, ১ অগস্ট থেকে রাজ্যে শুরু হয়ে গেল জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ। এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-শুমারের সুযোগ পাচ্ছেন নাগরিকরা। অর্থাৎ, বাড়িতে বসেই নিজের তথ্য নিজে জমা দেওয়া যাবে।

কতদিন সময় হাতে
১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত অনলাইনে স্ব-নিবন্ধিকরণের সুযোগ থাকছে। এই সময়ের মধ্যে তথ্য জমা না দিলে চিন্তার কিছু নেই— ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকর্মীরা।
কোন পোর্টালে যাবেন
তথ্য জমা দিতে লগ ইন করতে হবে se.census.gov.in পোর্টালে। সাতটি ধাপে ফর্ম পূরণ করে মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জমা দিতে হবে।
হাতের কাছে রাখুন এই তথ্যগুলো
ফর্ম ফিলআপের আগে রেডি রাখুন- বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, সচল মোবাইল নম্বর, ঠিকানা ও পিনকোড। মোবাইলে ওটিপি (OTP) আসবে, তাই নম্বরটি হাতের কাছে অ্যাক্টিভ রাখা জরুরি। যে মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি আপাতত পরিবর্তন করা যাবে না। তাই সচল নম্বরই হাতের কাছে রাখতে হবে।
বাড়ি সংক্রান্ত কী কী জানাতে হবে
বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহৃত হয়, বাড়ির বর্তমান অবস্থা কেমন- এসব তথ্যও দিতে হবে ফর্মে।
পরিবার নিয়ে তথ্য
পরিবারের মোট সদস্য সংখ্যা, গৃহকর্তার নাম ও লিঙ্গ, সামাজিক শ্রেণী, বাড়ির মালিকানা (নিজস্ব/ভাড়া), ঘরের সংখ্যা- এই তথ্যগুলোও লাগবে। মনে রাখবেন, একই বাড়িতে একাধিক পৃথক সংসার থাকলে প্রতিটি আলাদা পরিবার হিসেবে গণ্য হবে।
জল, বিদ্যুৎ, শৌচাগারের হিসেব
পানীয় জলের উৎস, আলোর উৎস (বিদ্যুৎ/কেরোসিন), শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি সংক্রান্ত তথ্যও জানাতে হবে।
ঘরে কী কী আছে, তারও হিসেব
রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ-কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল, স্কুটার, মোটরবাইক বা চার চাকার গাড়ি- বাড়িতে কী কী আছে, তার বিস্তারিত তথ্যও দিতে হবে ফর্মে।
জমা দিলেই মিলবে বিশেষ আইডি
সব তথ্য দিয়ে ফাইনাল সাবমিট করলেই মোবাইল বা ইমেলে চলে আসবে ১১ সংখ্যার একটি নিজস্ব ‘এসই আইডি’ (SE ID)। এই আইডি অবশ্যই সংরক্ষণ করে রাখুন, কারণ পরে গণনাকর্মী বাড়িতে এলে এটি দেখাতে হতে পারে। এই আইডি দেখালেই গণনাকর্মীদের আর আলাদা আলাদা করে তথ্য দিতে হবে না।
উত্তর না দিলে কী হয়
স্ব-গণনা সম্পূর্ণ বাধ্যতামূলক নয়, তবে জনগণনার প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেক নাগরিকের জন্য আইনি দিক থেকে বাধ্যতামূলক। অনলাইনে না করলে পরে গণনাকর্মী বাড়িতে এসে তথ্য নেবেন। ইচ্ছাকৃতভাবে উত্তর না দিলে জরিমানারও বিধান রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

