রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকে হঠাৎই সমস্ত মদের দোকান ও পানশালা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

সোমবার হঠাৎ করে রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে মদের দোকান ও পানশালা। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকেই কলকাতা-সহ রাজ্যের সহ জেলাতেই মদের দোকান বন্ধ থাকছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল জানান, নির্বাচন কমিশনের তরফে এমন কোনও নির্দেশই জারি হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মনোজ আগারওয়াল বলেন, শুনে আমি অবাক হয়েছি। কেন কলকাতায় মদ বন্ধ হয়েছে জানতে চাইব আবগারি কমিশনারের কাছে। তিনি স্পষ্ট বলন, কমিশনের নির্দেশ ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে সোমবার থেকে রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করেছে রাজ্যের আবগারি দফতর। আগাম ঘোষণা ছাড়াই আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সুরাপ্রেমীরা।

জানা গিয়েছে, সাধারণ নির্বাচনী বিধি অনুসারে, নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে যেখানে যেখানে ভোট সেখানে সেখানে মদের দোকান বন্ধ রাখতে হয়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের ভোট। অর্থাৎ সেই সব এলাকায় ৪৮ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকার কথা। তবে, আবগারি দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ২০ এপ্রিল থেকেই দোকান বন্ধ রাখতে হবে। দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায়। জেলা আধিকারিকদের কাছে যে নির্দেশিকা গিয়েছে তাত স্পষ্ট উল্লেখ আছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিন মদের দোকান বন্ধ থাকবে। আবার ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তেমনই ৪ মে মদের দোকান বন্ধ থাকবে।

রাজ্যের সব জেলাশাসক, কলকাতার নগরপালকে পাঠানো লিখিত বার্তায় আবগারি দফতর জানিয়েছে, ১৯৯৮ সাল থেকে ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে স্থানীয় মদের দোকান বন্ধ রাখা হয়। এবার এই সময় সীমা বাড়ানো হয়েছে। কিন্তু, কলকাতা-সহ দ্বিতীয় দফার ভোট হতে যাওয়া জেলাগুলোতে কেন এক সপ্তাহ আগেই মদের দোকান ও পানশালা বন্ধের নির্দেশিকা জারি হল, তার কোনও ব্যাখা দেয়নি আবগারি দফতর।