Child Death: জলভরা বালতিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু। বাবার অভিযোগ, ঘটনার সময় মোবাইল গেমে ব্যস্ত ছিলেন মা। যদিও নিহত শিশুর মা এই ব্যাপারে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
মোবাইলের নেশায় বুঁদ মা। আর সেই ফাঁকেই নির্মমভাবে মৃত্যু হল মাত্র ১৪ মাসের এক শিশুর। তেমনই অভিযোগ নিহত শিশুর বাবার। যদিও বাবা-মা বর্তমানে একসঙ্গে থাকে না। উত্তর ২৪ পরগনার বারাসতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যদিও শিশুর ময়নাতদন্তের পরই পরিবারের হাতে তুল দেওয়া হয়েছে দেহ।
বালতিতে পড়ে শিশুর মৃত্যু
মোবাইলে গেম খেলতে ব্যস্ত মা। রান্নাঘরে রাখা ছিল জল ভর্তি একটি বালতি। নিজের সন্তানের দিকে খেয়াল পর্যন্ত করেননি মা। এই অবস্থায় দুধের শিশু খেলতে খেলতে চলে গিয়েছিল রান্নাঘরে। সেখানেই আচমকা জল ভর্তি বালতিতে পড়ে যায় মাত্র ১৪ মাসের শিশুটি। জলে ডুবে মারা যায়। তেমনই অভিযোগ নিহত শিশুর মায়ের। শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত বলে ঘোষণা করা হয়। শিশুর বাবা বিপ্লব বারুই গোটা ঘটনার দায় চাপিয়েছেন শিশুর মায়ের ওপর।
বাবার অভিযোগ
বারাসত হাটখোলার বাসিন্দা বিপ্লব বারুই ও মা শ্রো মণ্ডল। যদিও বছর দেড়েক হয়ে যায় তাদের ছাড়াছাড়ি হয়েছে। দুজনেই আলাদা আলাদাভাবে থাকেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল মারাত্মক। তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। মৃত শিশুর বাবা বলেন, শ্রেয়ার বাড়িতে অনেক লোক ছিল। তারপরেও তাদের ১৪ মাসের সন্তান কখন রান্নাঘরে যায়, জলের বালতিতে ডুবে মারা যায় তা কেন খেয়াল করেনি কেউ। তাঁর আরও অভিযোগ, শ্রেয়ার পরিবার শিশুটির প্রয়োজনীয় যত্ন নেননি। তাঁর অভিযোগ ছেলের দিকে নজর ছিল না মায়ের। তিনি কানে হেডফোন গুঁজে ফ্রি ফায়ার খেলছিলেন । তাঁর সব শেষ হয়ে গেল বলেও অভিযোগ নিহতের বাবার।
মায়ের অভিযোগ
নিহত শিশুর মা শ্রেয়া জানিয়েছেন, তিনি ঘরে বসে কাপড় ভাঁজ করেছিলেন। তাঁর ছেলে ঘরের মধ্যেই খেলা করে। কখনই রান্নাঘরে যায় না। ছেলে কখন রান্নাঘরে গিয়ে জলের বালতিতে ডুবে গিয়েছিল তা তিনি খেয়াল করেননি বলেও জানিয়েছেন, শ্রেয়া। ছেলের মৃত্যুতে তিনিও মর্মাহত।
পুলিশের পদক্ষেপ
ময়নতন্ত্রের পর বাবা-মা দুজনের হাতেই বাচ্চাকে তুলে দেওয়া হবে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। গোটা ঘটনা কি ঘটেছে বারাসাত থানার পুলিশ খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।










