গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ির কাছেই একটি জলসার অনুষ্ঠানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ির কাছেই একটি জলসার অনুষ্ঠানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাইঘাটা এলাকায় একটি জলসার আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিল কিশোরী। রাত সাড়ে ১১টা নাগাদ তার কাছে একটি ফোন আসে বলে দাবি পরিবারের। ফোন পাওয়ার পরই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় সে। তার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রাতভর খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছনে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কিশোরীর মৃত্যুর পিছনে ধর্ষণ ও খুনের ঘটনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ এবং যৌন নির্যাতনের কোনও ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিশোরীর এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভিযুক্ত কেউ বাংলাদেশে পালিয়ে গিয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।