DILIP Ghosh on MAMATA: তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে গিয়েছে, যেখানে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে।
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সোমবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বিস্ফোরক অভিযোগ, রাজ্যে পরিস্থিতি এখন বাংলাদেশের মতো হয়ে গিয়েছে এবং এখানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে।
বাংলার পরিস্থিতি বাংলাদেশের মত: দিলীপ ঘোষ
সোমবার ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজ্যে ঘন ঘন মন্দির ভাঙচুর এবং মূর্তি ভাঙার ঘটনা ঘটছে। খড়গপুর সদর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "বাংলায় পরিস্থিতি এখন বাংলাদেশের মতো। মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, মন্দিরে চুরি—এগুলো এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার করা হচ্ছে।" হিংসার কারণে মানুষ ঘরছাড়া হচ্ছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, "মুর্শিদাবাদের হিন্দুরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মালদহে গিয়ে থাকছেন। কারণ তাঁদের ওপর অকথ্য অত্যাচার চলছে।"
রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ: দিলীপ ঘোষ
বিজেপি নেতা আরও দাবি করেন যে রাজ্যজুড়ে বারবার অশান্তির ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ বলেন, "বিভিন্ন জায়গায় বারবার দাঙ্গা এবং সংঘর্ষ হচ্ছে, আর নিশানা করা হচ্ছে হিন্দুদের। এই সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ঘটছে। তাই এবার একটা পরিবর্তন দরকার।"
নন্দীগ্রামে রাম মূর্তি ভাঙচুর
দিলীপ ঘোষের এই মন্তব্যের ঠিক আগেই রাজ্যের বিরোধী দলনেতা এবং ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, নন্দীগ্রামে রামনবমীর আগে ভগবান রামের মূর্তি ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতী। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতারা বিক্ষোভও দেখান। ANI-কে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য "গুন্ডা" পুষছেন। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার হিন্দু-বিরোধী।
তিনি বলেন, "রামনবমীর আগে যে রাম মূর্তি তৈরি করা হচ্ছিল, জিহাদিরা তা ভেঙে দিয়েছে। রাজ্য সরকার হিন্দুদের বিরুদ্ধে। কিছু সমাজবিরোধী সব সময় হিন্দু উৎসবের আগে পরিস্থিতি খারাপ করার জন্য এই ধরনের কাজ করে। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের ভোটব্যাঙ্কের জন্য কিছু গুন্ডা তৈরি করেছেন, তারাই এই কাজগুলো করে।"
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দিলীপের
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘতম মেয়াদের অকংগ্রেসি সরকার প্রধান হিসেবে একটি মাইলফলক ছুঁয়েছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তাঁর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, "এটা তো সবে শুরু। প্রধানমন্ত্রী মোদী আরও অনেক রেকর্ড গড়বেন। শুধু দেখতে থাকুন। সারা বিশ্বে তাঁর নাম ছড়িয়ে পড়েছে, আর এটা আমাদের সকল ভারতবাসীর জন্য গর্বের বিষয় যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি।"
পশ্চিমবঙ্গে দুটি দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে।


