- Home
- West Bengal
- Voter Facilities: ভোট কেন্দ্রে কী কী সুবিধে পাবেন আপনি? ECI একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভোটারদের জন্য
Voter Facilities: ভোট কেন্দ্রে কী কী সুবিধে পাবেন আপনি? ECI একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভোটারদের জন্য
ECI Orders For Voter: আসন্ন বিধানসভা ভোটের আগে সব ভোটকেন্দ্রে ন্যূনতম সুবিধা নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ দিল। পশ্চিমবঙ্গের সব বুথে পানীয় জল, শৌচাগার, র্যাম্প থেকে শুরু করে ভোটার সহায়তা কেন্দ্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা
আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ছয়টি রাজ্যের উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) এই নির্দেশ পাঠানো হয়েছে।
২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রে AMF
কমিশন জানিয়েছে, ভোটের দিন ২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে 'অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিজ' (AMF) বা ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ভোটারদের জন্য সহায়তার ব্যবস্থাও রাখতে হবে।
জল থেকে শৌচাগার
এই ন্যূনতম সুবিধার মধ্যে রয়েছে পানীয় জল, ছায়াযুক্ত অপেক্ষার জায়গা, জলের সুবিধাসহ শৌচাগার, পর্যাপ্ত আলো, বিশেষভাবে সক্ষম (PwD) ভোটারদের জন্য সঠিক মাপের র্যাম্প, নির্দিষ্ট ভোটিং কম্পার্টমেন্ট এবং সবকিছুর জন্য স্পষ্ট সাইনবোর্ড।
বসার ব্যবস্থা
ভোটাররা যাতে লাইনে দাঁড়িয়ে কষ্ট না পান, তার জন্য কিছুক্ষণ পর পর বেঞ্চ রাখার কথাও বলা হয়েছে। অর্থাৎ এবার ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বসে বসে অপেক্ষা করতে পারবেন।
ভোটকেন্দ্রের পোস্টার
ভোটারদের সচেতনতা বাড়াতে চারটি নির্দিষ্ট পোস্টার সব ভোটকেন্দ্রে লাগাতে হবে। এই 'ভোটার ফেসিলিটেশন পোস্টার'-এ (VFP) থাকবে ভোটকেন্দ্রের বিবরণ, প্রার্থীদের তালিকা, কী করা উচিত ও কী নয়, পরিচয়পত্র হিসেবে কোন কোন নথি গ্রাহ্য হবে এবং ভোট দেওয়ার পদ্ধতি।
ভোটারদের সুবিধে
বুথে ঢোকার আগেই VFPর মাধ্যমে ভোটাররা জানতে পারবেন তাদের প্রার্থী কে কে, কোন দলের প্রার্থী কারা, ভোট দেওয়ার জন্য কী কী নথি লাগবে- এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ভোটারদের চিন্তা করতে হবে না। কমিশন আগে থেকেই পোস্টার দিয়ে তা জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
VAB
প্রতিটি ভোটকেন্দ্রের চত্বরে একটি করে 'ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ' (VAB) তৈরি করা হবে। বুথ লেভেল অফিসার (BLO) বা অন্যান্য আধিকারিকরা এই বুথে থাকবেন। ভোটাররা নিজেদের বুথ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর খুঁজে পেতে এখান থেকে সাহায্য নিতে পারবেন।
সাইনবোর্ড থাকবে
এই বুথগুলিতে বড় করে সাইনবোর্ড থাকবে, যাতে ভোটাররা সহজেই তা খুঁজে পান। এবার একটি নতুন সুবিধাও চালু হচ্ছে।
মোবাইল রাখার ব্যবস্থা
ভোটকেন্দ্রের বাইরে মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা থাকবে। ভোটাররা ভোটকেন্দ্রে ঢোকার আগে নির্দিষ্ট জায়গায় নিজের ফোন (সুইচ অফ করে) জমা রাখতে পারবেন এবং ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তা সংগ্রহ করে নিতে পারবেন। অর্থাৎ এবারও ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না।
কড়া কমিশন
কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই সমস্ত সুবিধা বাধ্যতামূলক এবং সব ভোটকেন্দ্রে এর সঠিক প্রয়োগ হচ্ছে কি না, তা কড়াভাবে নজরদারি করা হবে। ভোটের দিনের আগেই যাতে সব কাজ শেষ হয়ে যায়, তার জন্য সমস্ত ফিল্ড আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটারদের অভিজ্ঞতা মসৃণ হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

