- Home
- West Bengal
- Durga Puja Rain: ঠাকুর দেখতে বেরোলে ছাতা নিতে ভুলবেন না, এই দিনগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস!
Durga Puja Rain: ঠাকুর দেখতে বেরোলে ছাতা নিতে ভুলবেন না, এই দিনগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস!
Durga Puja Weather: দুর্গা পুজোয় কলকাতা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! মহালয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে শুকনো আবহাওয়া। তবে চতুর্থী ও পঞ্চমীতে ফের দুর্যোগ? জানুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

পুজোর আগে মেঘলা আকাশ, রোদের দেখা নেই
রাস্তায় রাস্তায় বিজ্ঞাপনের ব্যানার, কেনাকাটার ভিড়, পুজো যেন দোরগোড়ায়। কিন্তু আবহাওয়ায় উৎসবের আমেজ নেই। ঝকঝকে রোদের বদলে আকাশ মেঘলা, মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।

বর্ষা বিদায় নিয়ে এখনও কিছু জানায়নি আলিপুর
সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নেয়। এ বার সে বিষয়ে কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানীদের কথায় ৮ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কিন্তু তারপরেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। তেমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস
মহালয়ার দিন, অর্থাৎ শনিবার এবং তার আগের দিন শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রপাত।
কেনাকাটায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন
আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকলে ছাতা সঙ্গে রাখা আবশ্যিক। আগামিকাল, শনিবারও পরিস্থিতি খুব একটা বদলাবে না। বৃষ্টি পিছু ছাড়বে না উৎসবমুখী জনতার।
মহালয়ার পর স্বস্তি, রবিবার থেকে শুকনো আবহাওয়া
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে।
চতুর্থী থেকে ফিরতে পারে বৃষ্টি
চতুর্থী ও পঞ্চমীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার পর দক্ষিণের কোনও জেলার জন্যই আলাদা করে সতর্কতা জারি হয়নি। সমুদ্রে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়নি। ফলে বড় কোনও দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
দুর্গার আগমণে বৃষ্টির যোগ নেই
শাস্ত্রমতে দেবী দুর্গা এবার ঘোড়ায় আসছেন। তাই বৃষ্টির তেমন বৃষ্টি না হওয়ারই কথা শাস্ত্রমতে। কিন্তু গমণ নৌকায়। যার অর্থ বৃষ্টি হবে। তাই পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে বলেও মনে করেছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি
শুক্রবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মহালয়ার দিনেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে উত্তরেও শুকনো আবহাওয়া
রবিবার থেকে উত্তরবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। চতুর্থী থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরে তেমন কোনও পূর্বাভাস নেই।
বিদায়ের পথে মৌসুমি বায়ু
মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের একাংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরও কিছু অংশ থেকে, পশ্চিমবঙ্গ-সহ, আগামী তিন-চার দিনে তা সম্পন্ন হতে পারে। আপাতত বিহার ও সংলগ্ন অঞ্চলে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত এবং উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত অক্ষরেখার প্রভাবে আরও কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

