পুজোর আগে শহরের বেহাল রাস্তা মেরামতের জন্য সরকার 'পথ নির্মাণ' নামে একটি নতুন অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করছে। এর মাধ্যমে সাধারণ মানুষ রাস্তার কাজের সমস্ত তথ্য জানার পাশাপাশি 'স্বচ্ছ' অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগও জানাতে পারবেন।

শহরের বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। এই সমস্যা সমাধানে আগেই উদ্যোগ নিয়েছিল সরকার। পুজোর আগে বহু এলাকার রাস্তা সারানো শুরু হয়েছে। তবে, এবার আরও এক ধাপ এগিয়ে বিশেষ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করল বিজেপি সরকার। পুজোর আগে নিল বিশেষ উদ্যোগ। পোর্টালেন নাম হল পথ নির্মাণ অ্যাপ। কোন পুরসভায় কোথায় রাস্তার কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কোন সংস্থা কাজের বরাত পেয়েছে, সব তথ্যই পাওয়া যাবে পোর্টালে। শুধু তাই নয়, রাস্তা নিয়ে কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ সেখানে জানাতে পারে। এমনটাই জানান অগ্নিমিত্রা পাল।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুরসভাগুলোতে রাস্তা নির্মাণ ও মেরামতের যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই অ্যাপে। প্রতিটি কাজের তিন সেট ছবি থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার সংক্রান্ত তথ্য এবং কাজের অগ্রগতির বিস্তারিত বিবরণও থাকবে। এর ফলে সাধারণ মানুষ এক ক্লিকেই জানতে পারবেন বিস্তারিত।

জানা গিয়েছে, ১০ এবং ১২ অক্টোবরের মধ্যে অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু হবে। এমনই লক্ষমাত্রা নিয়েছে সরকার। সদ্য বৃষ্টির কারণে রাস্তা মেরামতের কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে পুজোর আগে তা দ্রুত শেষ করতে তৎপর প্রশাসন। প্রয়োজনে কুইক ফিক্স-র মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও রাস্তা মেরামতের পরিকল্পনা আছে।

এখন প্রশ্ন হল আপনার এলাকায় রাস্তার বেহাল অবস্থা হলে কী করবেন। জানা গিয়েছে, প্রশাসনের নজরে আনতে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। তার জন্য স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও রাস্তা খারাপ থাকলে কিংবা অন্য কোনও সমস্যা দেখা দিলে সেই জায়গার ছবি তুলে অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে।