Felani Basak: বাম আমলে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)। মহাকরণ (Writers' Buildings) কাঁপিয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন ফেলানি বসাক। তিন দশক পর তাঁর নাম নিয়ে ফের আলোচনা চলছে।

DID YOU
KNOW
?
ফেলানি বসাকের প্রয়াণ
তিন দশক আগে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দেওয়া ফেলানি বসাক সোমবার নিজের বাড়িতেই প্রয়াত হলেন।

Felani Basak Demise: প্রয়াত ফেলানি বসাক। তিন দশকেরও বেশি সময় আগে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দেওয়া এই মহিলার বয়স হয়েছিল ৮০ বছর। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীপুর অঞ্চলে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন ফেলানি। সোমবার দুপুর ১২টা নাগাদ নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ওই অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। এই খবর পেয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তাঁর বাড়িতে পৌঁছে দলীয় পতাকা ও মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ফেলানির ছেলে বলেছেন, মায়ের দেখানো আদর্শ মেনেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে (AITC) আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন।

মহাকরণ কাঁপিয়ে দিয়েছিলেন ফেলানি

১৯৯৩ সালে ফেলানির বিশেষভাবে সক্ষম মেয়ে যৌন নির্যাতনের শিকার হন। সেই ঘটনার বিচার চেয়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহায্য চান ফেলানি। তাঁকে নিয়ে মহাকরণে (Writers' Buildings) যান মমতা। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু (Jyoti Basu)। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মমতা ও ফেলানি। কিন্তু পুলিশ মমতার চুলের মুঠি ধরে বের করে দেয়। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ফেলানির পরিবার জানিয়েছে, এত বছর কেটে গেলেও, সেই ঘটনার সুবিচার পাওয়া যায়নি। সেই আক্ষেপ নিয়েই প্রয়াত হলেন এই মহিলা। পরিবারেরও হতাশা রয়েছে।

একই দিনে প্রয়াত মুকুল রায় ও ফেলানি

সোমবারই প্রয়াত হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা। কিন্তু তিনি এখনও ফেলানির প্রয়াণে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোনও পোস্ট করেননি। অথচ তাঁর রাজনৈতিক জীবনে উত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল ১৯৯৩ সালের সেই আন্দোলন। এখন মুখ্যমন্ত্রী হয়ে ফেলানিদের কাছে অনেক দূরের মানুষ হয়ে গিয়েছেন সেদিনের দিদি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।