গঙ্গাসাগর যাওয়ার চেনা যাত্রাপথে এবার যুক্ত হতে চলেছে নতুন এক ব্যবস্থা। পুণ্যার্থীদের জন্য হেলিকপ্টারে যাতায়াতের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একসঙ্গে চলবে ৮ থেকে ১০টি হেলিকপ্টার! কত টাকা খরচ হবে জানেন?

গঙ্গাসাগর যাওয়ার পরিকল্পনা থাকলে এবার যাতায়াতের ক্ষেত্রে মিলতে পারে নতুন একটি বিকল্প। ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা কিংবা জলপথে পারাপারের ঝক্কি এড়িয়ে সরাসরি হেলিকপ্টারে সাগরে পৌঁছনোর সুযোগ করে দিতে চাইছে রাজ্য সরকার। আসন্ন গঙ্গাসাগর মেলায় প্রথমবার সাধারণ পুণ্যার্থীদের জন্য এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মেলায় ভাড়ায় নেওয়া হবে ৮ থেকে ১০টি হেলিকপ্টার। যাত্রীদের জন্য থাকছে আসন অনুযায়ী টিকিট কাটার সুবিধা। অর্থাৎ, একা বা পরিবারের কয়েকজন মিলে গেলেও গোটা হেলিকপ্টার ভাড়া নেওয়ার প্রয়োজন পড়বে না। সকালে গঙ্গাসাগরে গিয়ে পুজো সেরে দিনের মধ্যেই ফিরে আসার সুযোগ তৈরি করাই এই পরিষেবার অন্যতম উদ্দেশ্য। তবে টিকিটের দাম এবং বুকিংয়ের নিয়ম এখনও প্রকাশ করা হয়নি।

এতদিন হেলিকপ্টার মূলত প্রশাসনিক কাজ ও জরুরি রোগী পরিবহণের জন্যই ব্যবহার করা হত। এবার সেই ব্যবস্থায় সাধারণ মানুষের যাতায়াতকেও যুক্ত করতে চাইছে প্রশাসন। এবারের মেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখে মুড়িগঙ্গা নদীতে পারাপারের জন্য বাড়তি বার্জ নামানোর পরিকল্পনা হয়েছে। সাধারণত যেখানে চার-পাঁচটি বার্জ চালানো হয়, সেখানে এবার সংখ্যাটি ১৫ থেকে ২০-তে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। নদীর নাব্যতা বজায় রাখতে ড্রেজিংয়ের পর তৈরি হওয়া চ্যানেলটিকে দীর্ঘস্থায়ী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

মেলায় এসে যাতে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে না হয়, সে জন্য মেলা প্রাঙ্গণের বাইরে প্রায় ৩৮ একর জমি চিহ্নিত করেছে প্রশাসন। পুণ্যার্থীদের থাকার উপযোগী করে তোলা হবে সেই জমিগুলি। লট নম্বর ৮-এও তৈরি করা হবে অতিরিক্ত যাত্রীশেড। এদিকে, ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে আরও আলো বসানোর সিদ্ধান্ত হয়েছে। যানবাহন চালকদের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো আটকাতেও পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অস্থায়ী হোগলা শেডের বদলে তাঁবু তৈরির পরিকল্পনা করছে জেলা প্রশাসন। মেলায় ভিড় সামলানো থেকে শুরু করে থাকার জায়গা, যাতায়াত এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যসচিব জানিয়েছেন, এবারের গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার ধাঁচে আরও বড় পরিসরে তুলে ধরার লক্ষ্য রয়েছে সরকারের। অর্থাৎ, এবারের গঙ্গাসাগর যাত্রায় শুধু পুণ্যস্নান বা পুজো নয়, যাতায়াতের ধরনেও আসতে চলেছে নতুন সংযোজন। এখন দেখার, হেলিকপ্টার পরিষেবার ভাড়া ও বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে সামনে আসে।