Human Hair Fraud ২০০ কেজি মানব চুল, দাম ৪৭ লক্ষ! টাকা না দিয়ে ভিয়েতনাম পালানোর ছক। শেষ পর্যন্ত কী হল! বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে কোটি কোটি টাকার কাছাকাছি বকেয়া না মিটিয়ে চম্পট দেওয়ার অভিযোগ।
Human Hair Fraud ২০০ কেজি মানব চুল, দাম ৪৭ লক্ষ! টাকা না দিয়ে ভিয়েতনাম পালানোর ছক। শেষ পর্যন্ত কী হল! বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে কোটি কোটি টাকার কাছাকাছি বকেয়া না মিটিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি বিমানবন্দরের যৌথ তৎপরতায় দেশ ছাড়ার আগেই আটক হলেন এক ভিয়েতনামী নাগরিক। ধৃতের নাম হোয়াং ভান থাং (Hoang Van Thang)। আনুমানিক ৪৭ লক্ষ টাকার 'হিউম্যান হেয়ার' জালিয়াতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায়।
ঠিক কী ঘটেছিল
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১২ অগস্ট ভগবানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম মাইতি নামে এক ব্যবসায়ী। অভিযোগে জানান, ভিয়েতনামের নাগরিক হোয়াং ভান থাং তাঁর কাছ থেকে প্রায় ২০০ কেজি মানুষের চুল কেনেন, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪৭ লক্ষ টাকা। কিন্তু চুল ভিয়েতনামে পাঠিয়ে দেওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি ব্যবসার টাকা মেটাতে টালবাহানা শুরু করেন। এমনকি টাকা না দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষেন তিনি।

অভিযোগের পরই নড়চড়ে বসে পুলিশ
অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে পুলিশ। ভগবানপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয় তদন্ত। গোপন সূত্রে খবর মেলে, অভিযুক্ত ভিয়েতনামী নাগরিক দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিদেশি বিমানে চড়ে চম্পট দেওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি অনুধাবন করে তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সুরক্ষাসেবা সংস্থার সঙ্গে।
কাঁথি আদালতে পেশ
দিল্লি পুলিশের এয়ারপোর্ট থানা, সিআইএসএফ (CISF), কলকাতা ও দিল্লির এফআরআরঅ (FRRO) এবং পশ্চিমবঙ্গ সিআইডি (CID)-র যৌথ ও দ্রুত তৎপরতায় বিমানে ওঠার ঠিক পূর্বমুহূর্তে অভিযুক্তকে 'অফলোড' করে আটক করা হয়। ঘটনার পর ভগবানপুর থানার একটি বিশেষ পুলিশ দল দিল্লিতে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সেরে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুরে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আন্তর্জাতিক ব্যবসায়ী বা প্রতারক চক্রের সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আগামিকাল আইনগত প্রক্রিয়ার জন্য কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে।


