Kolkata Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যখন দক্ষিণবঙ্গ তীব্র দাবদহ এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে পুড়ছে। তবে, বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি আনতে পারে।
Kolkata Weather: দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২-৮০ শতাংশ। যার কারণেই দিনরাত অস্বস্তি রয়েছে। কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আকাশে মেঘের আনাগোনা থাকলেও এখনই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় (৪২.১) উত্তরবঙ্গের সবথেকে বেশি গরম মালদায় (৩৭.৭) হাওয়া অফিসের ম্যাপ স্পষ্ট করে দিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই পুড়ছে দাবদহে। রাঢ় বাংলার অবস্থা সবথেকে খারাপ।
আগামিকাল, সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বীরভূম-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর পুরুলিয়া প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সকাল থেকেই থাকবে আংশিক মেঘলা। বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে ঝোড়ো হাওয়া দিতে পারে। বিক্ষিপ্তভাবে দুই-এক পসলা বৃষ্টিও হতে পারে। তবে আপাতত স্বস্তি নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তীব্র দাবদহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতকের মত অবস্থা। আকাশে জলভরা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী এবার সময়ের আগেই বর্ষা ভারতের মূলভখণ্ডে প্রবেশ করবে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে।দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থা করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।


