Amit Shah to Join Suvendu Adhikari: বৃহস্পতিবার ভবানীপুর আসন থেকে মনোনয়ন পেশ করতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুভেন্দুকে সাহস জোগাতে তাঁর মনোনয়ন পেশে হাজির থাকতে চলেছেন খোদ অমিত শাহ।

Amit Shah to Join Suvendu Adhikari: বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা আসন থেকে মনোনয়ন পেশ করতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুভেন্দুর মনোনয়ন পেশে হাজির থাকতে চলেছেন খোদ অমিত শাহ। সেদিনই শুভেন্দুর সঙ্গে ভবানীপুরে রোড শো করতেও দেখা যাবে অমিত শাহ-কে। তাঁদের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ শীর্ষ নেতারা ভবানীপুরে উপস্থিত থাকতে চলেছেন। শুভেন্দুর পাশে থাকতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামিকাল, বুধবার রাতে শহরে ঢুকে পড়ছেন বলে খবর। ভবানীপুর আসন ও শুভেন্দু-কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে তা শাহ-র উপস্থিতিই প্রমাণ করছে। বিশাল মিছিল করে শাহ-র সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু। এতে ভবানীপুরের পাশাপাশি গোটা রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা হবে বলে মনে করছে গেরুয়া শিবির। বিজেপির আশা, মনোনয়ন পেশে শুভেন্দুর পাশে থেকে দলের জয়ের সুর বেঁধে দেবেন শাহ। গতবার নন্দীগ্রামের মত ভবানীপুরে এবার মমতাকে হারাবেন শুভেন্দু, তেমন আশায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আগামী ৮ এপ্রিল ভবানীপুরে মনোনয়ন পেশ মমতার

শাহ-কে সঙ্গে নিয়ে লক্ষ্মীবারে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিকে, আগামী ৮ এপ্রিল ভবানীপুর থেকে মনোনয়ন পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনে এর আগে কখনও হারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা ভোটে দক্ষিণ কলকাতায় জিতলেও ভবানীপুরের বেশিরভাগ জায়গায় লিড পেয়েছিল বিজেপি। এসআইআর-এর পর ভবানীপুরে অঙ্কের বিচারে বিজেপি এগিয়ে আছে বলে গেরুয়া শিবিরের দাবি। তবে বিধানসভা ভোটে ভবানীপুরে জেতাটা অভ্য়াসে পরিণত করেছে তৃণমূল, এমন কথাই দাবি রাজ্যের শাসক দলের। ভবানীপুরে ভোটগ্রহণ দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল।

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও লড়ছেন শুভেন্দু

এর আগে রবিবার মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছিলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়াটা কিছুটা লো প্রোফাইল ছিল। বিজেপি-তে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ-রা মনোনয়ন পেশের সময় বড় মিছিল করেন। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঝালুকবাড়ি কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করার সময় আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য মিছিল করেছিলেন। সাম্প্রতিককালে বিজেপির নির্বাচনী কৌশল হল, বড় মিছিল করে মনোনয়ন পেশ। বিগত তিনটি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বারাণসীতে রেকর্ড ভিড়ে সামিল হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।