BJP West Bengal: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কয়েক মাস পেরিয়ে গিয়েছে। দুই বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। তার ঠিক আগে বিজেপি-র নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। এই কমিটির নেতৃত্বেই আগামী দিনে চলবে রাজ্য বিজেপি।
KNOW
BJP News: রাজ্যে ক্ষমতায় আসার পর এবার বিজেপি-র নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। বুধবার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত রাজ্য কমিটির নতুন সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। গত বছরের জুলাইয়ে সুকান্ত মজুমদারের পরিবর্তে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পান শমীক। তাঁর সভাপতিত্বেই বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) জয় পেয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। ভোটপর্ব মেটার পর সরকার কাজও শুরু করে দিয়েছে। এবার রাজ্য কমিটিতে রদবদল করা হল। বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ২৬৩ জন। প্রত্যাশিতভাবেই এই তালিকায় বিধানসভা নির্বাচনের ফলের প্রভাব দেখা যাচ্ছে।
বিজেপি রাজ্য কমিটিতে শিশির অধিকারী
বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে স্বাভাবিকভাবেই আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বাবা প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারীও রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন। রাজ্যের সাতজন মন্ত্রী এবং দু'জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বিজেপি রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন। এছাড়া রাজ্য কমিটিতে আছেন ৩৩ জন বিধায়ক। ডায়মন্ড হারবারের নেতা অভিজিৎ দাস ববিও বিজেপি রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন। তিনি ডায়মন্ড হারবারে দলের সংগঠনের হাল ধরার দায়িত্ব পেয়েছেন।
রাজ্য কমিটির সদস্যদের দায়িত্ব বণ্টন
বিজেপি-র নতুন রাজ্য কমিটি অনুযায়ী, তমলুক সাংগঠনিক জেলার দায়িত্বে থাকছেন শুভেন্দু। তাঁর বাবাকে দলের কাঁথি সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে দক্ষিণ দিনাজপুর এবং অপর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বনগাঁর দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী তাপস রায় উত্তর কলকাতা সংগঠনের দায়িত্ব পেয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম, নিশীথ প্রামাণিক কোচবিহার, অগ্নিমিত্রা পল আসানসোল, দীপক বর্মন আলিপুরদুয়ার, শঙ্কর ঘোষ শিলিগুড়ির দায়িত্ব পেয়েছেন। প্রবীণ রাজনীতিবিদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া বর্ধমান, রাজকমল পাঠক দক্ষিণ কলকাতা, মীনাদেবী পুরোহিত উত্তর কলকাতা, রুদ্রনীল ঘোষ হাওড়া শহরের দায়িত্ব পেয়েছেন। বিজেপি-র রাজ্য কমিটি ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ ছিল। এবার সেই কমিটি গঠন করা হল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


