BLO Suspended News: বঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক দলের হয়ে প্রচারের অভিযোগ উঠেছে বিএলও-দের বিরুদ্ধে। ঘটনায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। কী বলল জাতীয় নির্বাচন কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BLO Suspended News: বাংলায় প্রথম দফা নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শেষ মুহুর্তে চলছে জোর কদমে শাসক-বিরোধী উভয় শিবিরের প্রচার। এদিকে ভোটের আবহে তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ উঠল খোদ বিএলও-দের বিরুদ্ধে (West Bengal Assembly Election 2026)। ঘটনায় কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সাসপেন্ড ৫ বিএলও। এমনকি সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে। 

সূত্রের খবর, ভোটের মুখে বড় রদবদল। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হলো আইপিএস ত্রিপুরারি অথর্বকে। ১৭ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, শ্রী ত্রিপুরারি অথর্বকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে বসানোর জন্য কমিশনের অনুমোদন মিলেছে। নবান্নকে দেওয়া এই নির্দেশিকায় জানানো হয়েছে, ১৮ এপ্রিল সকাল ১১টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে হবে। ভোট চলাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতেই কমিশনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিধাননগর আগের পুলিশ কমিশনারেট মুরলী ধর শর্মাকে সরিয়ে দিল কমিশন।

অশোকনগরে তিন বিএলও-র সাসপেনশন:-

নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে অশোকনগরে সাসপেন্ড ৩ বিএলও, দায়ের এফআইআর। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তিন জন বুথ লেভেল অফিসার বা বিএলও-কে সাসপেন্ড করা হলো। ১০১-অশোকনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। অভিযুক্তরা হলেন তপন কুমার সাহা (পার্ট নম্বর ২৮২), অভিজিৎ দে (পার্ট নম্বর ২৮১) এবং কুমারজিৎ দত্ত (পার্ট নম্বর ২০৫)। মূল অভিযোগগুলি হলো - বিজেপি প্রার্থী ডঃ সুময় হীরা অভিযোগ করেছিলেন যে, এই বিএলও-রা সরাসরি একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচার, দেওয়াল লিখন এবং বৈঠকে অংশ নিচ্ছেন। উপযুক্ত প্রমাণ পাওয়ার পর তাঁদের শোকজ করা হয়েছিল, কিন্তু উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অশোকনগর থানায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর-এর নির্দেশও দেওয়া হয়েছে।

Calcutta High Court: ভোটের মুখে আদালতে ধাক্কা কমিশনের, খারিজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি

বীরভূমে বিএলও-র বিরুদ্ধে ব্যবস্থা

রাজনৈতিক কার্যালয় থেকে ভোটার স্লিপ বিলি। দুবরাজপুরে শোকজ ও সাসপেনশন। বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী নিরপেক্ষতা ভঙ্গের দায়ে বড় পদক্ষেপ নিল প্রশাসন। রাজনৈতিক দলের কার্যালয় থেকে ভোটার স্লিপ বিলি করার অভিযোগে এক বিএলও-কে সাসপেন্ড করার সুপারিশ করা হলো। অভিযোগ উঠেছে, ১১২ নম্বর পার্টের (বেলেডাঙাল প্রাথমিক বিদ্যালয়) বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায় একটি রাজনৈতিক দলের অফিস থেকে ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) বিলি করছিলেন। রিটার্নিং অফিসারের প্রাথমিক তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতার নীতি বিরোধী। এই ঘটনার পর তাঁকে অবিলম্বে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।