Calcutta High Court On BDO: অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলছে আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Calcutta High Court On BDO: এবার নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের মামলায় রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁকে হেফাজতে নিয়ে ১০ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ আদালতের। পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়।

অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে কী বলল আদালত?
সূত্রের খবর, এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা থাকায় বিধাননগর পুলিশের ভূমিকা ও তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতা সজল সরকার। সম্প্রতি তিনি জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ঘটনার এতদিন পরও কেন এখনও পর্যন্ত মূল অভিযুক্ততে গ্রেফতার করা হয়নি? কেন কোনও কড়া পদক্ষেপ করা হয়নি? কেন অভিযুক্ত বিডিও সম্পর্কে চার্জশিটে গোপনীয়তা আনা হয়েছে? তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তদন্তে ঢিলেমি এবং গাফিলতির জন্য প্রচন্ড ক্ষুব্ধ আদালত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর নিউটাউনে যাত্রাগাছির খালপাড়ের ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ। মৃত ব্যাবসায়ী পরিবার অভিযোগ করেন, তাঁকে অপহরণ করে খুন করা হয়েছে। এবং তাঁরা রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের দিকেই সরাসরি অভিযোগ তোলেন।
বারাসাত আদালতে এই মামলা উঠলে প্রশান্ত বর্মনের আইনজীবী আদালতে দাবি করেন, ঘটনার দিন তিনি নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন না। তিনি শহরের বাইরে একটি হোটেলে ছিলেন। সেখানকার রশিদও দেখানো হয় আদালতে। ফলে প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু বিধাননগর পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবী করে, প্রশান্ত বর্মনের দেখানো হোটেলে রশিদ ভুয়ো। তারপরই উচ্চ আদালত প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ দেয়। মামলা গড়ার সুপ্রিম কোর্ট পর্যন্ত।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই পলাতক ছিলেন প্রশান্ত বর্মন। অথচ, গত সপ্তাহে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় সল্টলেকে অ্যাক্সিডেন্ট করেন প্রশান্ত। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এবার প্রাক্তন বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


