নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর জন্য ২৩ জানুয়ারি শুক্রবার বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। ওই দিন ব্লু ও ইয়েলো লাইনে কম মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর জন্য ২৩ জানুয়ারি শুক্রবার বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। ওই দিন ব্লু ও ইয়েলো লাইনে কম মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো। শুক্রবার পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে বাড়তি পরিষেবা দেওয়া হবে। ওই দিন ১৬০টি মেট্রো চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো

ব্লু লাইন

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ২৭২টি মেট্রোর বদলে ২৩৬টি মেট্রো চালানো হবে আপ ও ডাউন মিলিয়ে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২টি আপে মেট্রো চালানো হবে। শুক্রবার ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়েও সামান্য বদল আনা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটের বদলে ছাড়বে ৬টা ৫৪ মিনিটে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি রাত ৯টা ৩৫ মিনিটের বদলে ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া পর্যন্ত রাতের শেষ মেট্রো মিলবে ৯টা ৪৪মিনিটের বদলে ৯টা ৪৩ মিনিটে।

ইয়োলো লাইন

২৩ জানুয়ারি শুক্রবার ইয়োলো লাইনেও মেট্রোর সংখ্যা কমছে। ১২০টির বদলে আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চলবে। এই লাইনে সকালের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও, রাতের শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

বইমেলা স্পেশাল মেট্রো

কলকাতা বইমেলার কারণে ১ ফেব্রুয়ারি রবিবার ১৩০টি মেট্রোর পরিবর্তে ব্লু লাইনে ১৬০টি মেট্রো চালানো হবে। সকালের প্রথম মেট্রো ও রাতের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই। রবিবার হওয়ার কারণে ১ ফেব্রুয়ারি পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।