Kolkata News: ভোটপরবর্তী বাংলায় বদলাল না হিংসার সেই চেনা ছবি। বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জিতলেও গেরুয়া শিবিরের বিজয় মিছিল করা নিয়ে বড় নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kolkata News: রাজ্যে পালাবদল হতেই প্রকাশ্যে আসছে দিকে দিকে হিংসার ছবি। এবার বিজেপির বিজয় মিছিল করা নিয়ে সতর্ক বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''যারা হিংসা ছড়াচ্ছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'' এমনকি কলকাতার সিপি আরও জানান, পুলিশ বিভাগের মধ্যেও কর্তব্যে গাফিলতি থাকলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।
কী বললেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ?
বুধবার সাংবাদিক বৈঠক থেকে সিপি জানিয়েছেন, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে। তিনি এ-ও জানান যে, সিকিয়োরিটি ডায়রেক্টরেট বাকিটা ঠিক করবে। তিনি বলেন, ''ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হলে পদক্ষেপ।'' এখনও পর্যন্ত কলকাতা শহরে অস্ত্র সহ গ্রেফতার ৮০ জন।
অনুমতি নিয়ে তবেই বিজয় মিছিল
এদিকে বিজেপির বিজয় মিছিল নিয়েও বড় বার্তা দেন অজয় নন্দ। তিনি জানান যে কোনও রকমের বিজয় মিছিল করার জন্য আগে থেকে পুলিশের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনও কাজ করা যাবে না। পুলিশ জানতে পারলেই পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, জেসিবি নিয়ে বিজেপির বিজয় মিছিল করা প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন, ''জেসিবি নিয়ে কোনও রকম বিজয় মিছিলে বেরনো যাবে না। যে সংস্থা বা যারা এগুলি ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।'' কলকাতার পুলিশ কমিশনার আরও জানান যে, ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ ভারতীয় জনতা পার্টি (BJP)-র জয়ের পর এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরও গতি পেয়েছে। দলের নেতৃত্ব ঘোষণা করেছে যে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে রাজ্যের রাজনীতিতে একটি বড় পালাবদল হিসেবে দেখা হচ্ছে, যেখানে দীর্ঘদিনের ক্ষমতার কাঠামো এবার নতুন নেতৃত্বের হাতে যাবে। BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই তারিখ নিশ্চিত করে জানিয়েছেন যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবং শপথগ্রহণ অনুষ্ঠান বড় আকারে আয়োজন করা হবে। তবে মুখ্যমন্ত্রী পদের জন্য দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে সাসপেন্স আরও বেড়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


