Maa Canteen New Menu: করোনাকালে তৃণমূল সরকারের চালু করা ৫ টাকার ডিম-ভাতের 'মা ক্যান্টিন' প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। পালাবদলের পর, বর্তমান রাজ্য সরকার ক্যান্টিন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার ডিম ভাতের পরিবর্তে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত।

Maa Canteen New Menu: তখন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। এই মহামারীর ফলে বিশ্বের অর্থনীতিতেও প্রবল ছাপ ফেলেছে। সেই সময় অর্থ কষ্টে ভুগছে সাধারন মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার নিয়ম চালু হল। এর পাশাপাশি রাজ্য জুড়ে চালু হয়েছিল মা ক্যান্টিন। যেখাবে তৎকালীন তৃণমূল সরকারের উদ্যোগে ৫ টাকার বিনিময়ে শুরু হল ডিম ভাত দেওয়ার কাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২০২১-এর আগে থেকেই রাজ্য যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুরু হয়েছিল এই ‘মা ক্যান্টিন’। প্রথমের দিকে শুধু মাত্র দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায় থাকা শ্রমিকদের জন্য মাত্র পাঁচ টাকায় দুপুরের ভাত খাওয়ানোর ব্যবস্থা চালু হয়েছিল। মাত্র ৫ টাকায় তখন ভাত, ডাল ও ডিমের তরকারি বা ডিমসেদ্ধ দিয়ে শুরু হয় এই ক্যান্টিনের যাত্রা। যা পরবর্তী সময়ে ৩২টি ক্যান্টিনে চালু হয়েছিল। এর পরে চাহিদা মতো সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৪৯-তে।

বিধানসভার নির্বাচনে পালা বদলের পর অনেকেই ভেবেছিলেন এবার বন্ধ হয়ে যাবে রাজ্যের বহু মা ক্যান্টিন, যার উপর এখনও বহু মানুষের একবেলা পেট ভরে খাওয়া নির্ভর করে। কিন্তু খেলাটা পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন ওই পাঁচ টাকাতেই ক্যান্টিনে মিলবে দুপুরের খাওয়া। তবে এবার বদলে যাবে খাওয়ার মেনু। ডিম ভাতের বদলে এবার দেওয়া হবে মাছ-ভাত।

হ্যাঁ একদম ঠিক শুনেছেন, আর একঘেয়ে ডিম ভাত নয়, এবার মাত্র পাঁচ টাকায় মাছে ভাতে মধ্যাহ্ন ভোজ সারবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া নাগরিকরা। মাছের সঙ্গে বাঙালির দূরত্ব কোনও ভাবেই বাড়বে না। একথা নানাভাবে স্পষ্টকরে রাজ্যবাসী-কে বুঝিয়ে দিচ্ছে পদ্ম শিবির। তবে মা ক্যান্টিন-এর নাম বদলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও নতুন নাম নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও কিছু বলেনি রাজ্য সরকার।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত লকডাউন ছিল রাজ্য জুড়ে। অর্থনীতির বেহাল দশা তখন ছাপ ফেলেছে দেশ তথা রাজ্যের মানুষের উপরেও। করোনা ভাইরাস প্রচুর মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি কেড়েছিল অনেক মানুষের পেটের ভাত। এই সময় ‘মা’ ক্যান্টিন অন্ন তুলে দিয়েছিল বহু মানুষের মুখে।