Mamata Banerjee: গত কয়েক বছরে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার-বিভ্রাটে পড়েছেন। একবার তিনি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন। বুধবার তাঁর বিমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে সমস্যায় পড়লেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো।
KNOW
Mamata Banerjee News: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝ আকাশে থাকাকালীন সমস্যায় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা আসছিলেন মমতা। এদিন বিকেল তিনটে বেজে ৩৯ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (Netaji Subhas Chandra Bose International Airport) উদ্দেশে রওনা হয় বিমান। অন্ডাল থেকে দমদম আসতে বেশি সময় লাগার কথা ছিল না। কিন্তু এরই মধ্যে কালবৈশাখী শুরু হয়ে যায়। ঝড়ের পর শুরু হয় শিলাবৃষ্টি। ফলে কলকাতার কাছাকাছি এসে গেলেও, বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে সমস্যায় পড়ে বিমান। ঝুঁকি নিয়ে অবতরণ সম্ভব হয়নি। প্রায় আধ ঘণ্টা আকাশেই চক্কর কাটতে থাকে বিমান। আবহাওয়ার উন্নতি হওয়ার পর বিকেল পাঁচটা বেজে ১৮ মিনিট নাগাদ অবতরণ করে বিমান। ফলে স্বস্তি ফিরে আসে।
প্রবল বাতাসে বিমানবন্দরের পরিকাঠামোর ক্ষতি
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দমকা হাওয়ার জেরে একাধিক অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বাতাসের দাপটে পুলিশের অস্থায়ী ছাউনিও উড়ে যায়। মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরা নির্ধারিত থাকায় তাঁর কনভয়ের বেশ কয়েকটি গাড়ি বিমানবন্দরে আনা হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় সেই গাড়িগুলিও স্থির রাখতে সমস্যা হচ্ছিল। বিমান অবতরণের অনেক চেষ্টা করা হয়। কিন্তু আবহাওয়ার কারণে বারবার সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে আবহাওয়ার উন্নতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষপর্যন্ত অবশ্য নিরাপদেই অবতরণ করে বিমান।
নির্বাচনী প্রচারে মমতা
বিভিন্ন জেলায় বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) প্রচারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি উত্তরবঙ্গ থেকে ফিরে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে জনসভায় যোগ দেন। তারপর কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল মমতার। কিন্তু আবহাওয়ার কারণে তাঁর পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিমান অবতরণ করতে দেরি হওয়ায় তাঁর কর্মসূচিতে বদল করতে হয়। কিন্তু এক্ষেত্রে কারও কিছুই করার ছিল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


