প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা নিয়ে উন্মাদনা থাকলেও, এবার তিনি কাউকে ফোঁটা দেবেন না। কুণাল ঘোষের দাবি, দলের কর্মীদের কঠিন পরিস্থিতির সঙ্গে সহমর্মিতা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী থাকাকালীন কালীপুজোর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা পর্ব-র কথা কারও অজানা নয়। প্রতিবারই এই ভাইফোঁটা পর্ব রাজনৈতিক মহল তথা সংবাদমাধ্যমের আকর্ষণের বিষয়। কারণ দলের নেতা থেকে রাজ্যের মন্ত্রী, শিল্পপতি বা বিনোদন জগতের সদস্য সকলেই যেতেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
কিন্তু, ক্ষমতা হারাতেই এবছর মমতার বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে বদল এল। অন্যান্য বছররে তুলনায় এবারের কালীপুজোর আয়োজনও ছিল ফিকে। তবে, এবার শোনা যাচ্ছে কাউকে নাকি ফোঁটা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করেছেন মমতা তৃণমূলের অন্যতম প্রধান মুখ এবং বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, পালাবদলের পর রাজ্য জুড়ে দলের কর্মীরা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তার সঙ্গে সহমর্মিতা জানাতেই ভাইফোঁটা পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুকে কুণাল ঘোষ লিখেছেন, মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়া পালন করেননি। এবার ভাইফোঁটা পালন করবেন না। ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের ওপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেফতার চলছে, তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি নেত্রী। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না। তাই মায়ের পুজো করেছেন। কিন্তু, ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন। কিন্তু দিদি এবার ভাইফোঁটার অনুষ্ঠান করবেন না। এনিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।
এদিকে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতার বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে যারা অবশ্যই উপস্থিত থাকতেন, তারা হলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের মতো নেতারা। তাঁরাও বর্তমানে মমতার সঙ্গ ছেড়েছেন। এদিকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের পুজোর উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ক্ষোভ উগরে দেন। যাই হোক, এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হচ্ছে না ভাইফোঁটার অনুষ্ঠান। ঠিক কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন, তা সোশ্যাল মিডিয়ায় জানান মমতা তৃণমূলের অন্যতম প্রধান মুখ এবং বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ।














