SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের গঠন করা সিট-কে ডিলিস্ট করল কলকাতা হাইকোর্ট। তবে কী এবার ভেঙে যাবে মামলার সিট? কী বললেন বিচারপতি অমৃতা সিনহা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এবার এসআইটি (SIT) ভেঙে দেওয়ার সিবিআই-এর আবেদনের মামলাটি ডিলিস্ট তথা তালিকার বাইরে করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court News)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সুপ্রিম কোর্টে আবেদনের পরামর্শ বিচারপতি অমৃতা সিনহার। নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই-এর গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি ভেঙ্গে দেওয়ার আবেদনের মামলা তালিকা বহির্ভূত বা ডিলিস্ট করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করেন,'এই মুহূর্তে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে? তদন্তে কি আদৌ কিছু উঠে এসেছে? এই তদন্তের ভবিষ্যৎ কী?'
নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কী বলল আদালত?
মামলার শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তথা সিবিআই (CBI)-এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতকে জানান, 'এই তদন্তকারী দলে অনেক অফিসার রয়েছেন যাঁরা কিছুদিনের মধ্যেই অবসর নেবেন। তদন্ত চলাকালীন অনেক অফিসার অবসর নিয়েছেন। তাই তাঁদের রিলিজ করতে হবে।' তখনই বিচারপতি সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'তাহলে এই তদন্তের ভবিষ্যৎ কী? তদন্তে কী উঠে এসেছে? তাহলে আপনারা এতদিন কীসের তদন্ত করছিলেন?'
মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তখন আদালতকে জানান, 'সিবিআই কোনও পদক্ষেপই করেনি।' অন্যান্য মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য সিবিআই-এর এই আবেদন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, 'সিবিআই সিট ভেঙ্গে দিতে চাইছে! এটা অত্যন্ত গুরুতর বিষয়।' মামলাকারীদের অপর আইনজীবী ফিরদৌস শামিম তখন আদালতে বলেন, 'সিট ভেঙ্গে দিলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হবে। তদন্তই যদি না হয়, তাহলে সিট কেন গঠন করা হয়েছিল?'
বিচারপতি অমৃতা সিনহা তখন বলেন, 'সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তাহলে হাইকোর্ট কী করবে? সুপ্রিম কোর্ট সমস্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে।' তখন সিবিআই এর আইনজীবী বলেন, 'এই পাঁচ বছরে তদন্ত চলাকালীন অনেক অফিসার অবসর নিয়েছেন। তাই সিট ভেঙ্গে দেওয়ার আবেদন করা হয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্টে আমরা পার্টি ছিলাম না।' এরপরই চাকরিপ্রার্থী সন্তু গঙ্গোপাধ্যায়ের ইডিকে দেওয়া চিঠি আদালতের হাতে তুলে দিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত প্রশ্ন করেন, 'এর পরও কি সিবিআই তদন্ত বন্ধ করে দিতে চায়?'
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা সিবিআই-এর সিট ভেঙ্গে দেওয়ার আবেদন মামলাটি কলকাতা হাইকোর্টের তালিকা থেকে ডিলিস্ট করে দেন। তবে সিবিআই চাইলে সিট ভেঙ্গে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে বলেও পরামর্শ দিয়েছেন বিচারপতি সিনহা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


