Taslima Nasrin News: প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বারবার বলেছেন, এই শহরে থাকতে চান। কারণ, এখানে থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফের এই শহরে তসলিমা পাকাপাকিভাবে থাকার সুযোগ পাবেন কি না এখনও স্পষ্ট নয়। তবে তাঁর কলকাতায় ফেরা নিশ্চিত হয়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
১ অগাস্ট অনুষ্ঠান
১ অগাস্ট কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন।

Taslima Nasrin Kolkata Event: ১ অগাস্ট কলকাতায় প্রত্যাবর্তনের আগে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন লেখিকা তসলিমা নাসরিন। ১ অগাস্ট রবীন্দ্র সদনে সেকুলার মিশন, এইচআরবিএফএফ ও পশ্চিমবঙ্গের জন্য সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। এই অনুষ্ঠানে তাঁর কবিতা পাঠের পাশাপাশি মৌসুমী হোসেনের কবিতার গান আয়োজন করা হয়েছে। প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন এই লেখিকা। তার আগে তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি কেন কলকাতায় যেতে পারছি? সেকুলার মিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে? না, শুধু আমন্ত্রণের কারণে নয়। আমন্ত্রণটি উপলক্ষ; কিন্তু আমার যাওয়া সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছে বলে। নিরাপত্তা না পেলে আমার পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব হত না। এ জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞ।’

মৌলবাদীদের তোপ তসলিমার

মৌলবাদীদের তোপ দেগে সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমা লিখেছেন, ‘কিন্তু কেন আমার নিরাপত্তার প্রয়োজন হয়? কেন আমি আর দশজন মানুষের মতো যে কোনও শহরে, যে কোনও রাজ্যে অবাধে ঘুরে বেড়াতে পারি না? কারণ ইসলামি জঙ্গি ও জিহাদিরা আমাকে হত্যা করতে চায়। ইসলাম সম্পর্কে সত্য কথা বলেছি বলে তারা আমার মুণ্ডু কেটে নিতে চায়। ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি। মুসলিম সমাজ যেদিন মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মের সমালোচনাকে সভ্য সমাজের স্বাভাবিক অধিকার হিসেবে মেনে নেবে, সেদিন ইসলামের সংস্কারক, মুক্তচিন্তক ও নাস্তিকদের নিরাপত্তা নিয়ে আর কাউকে দুশ্চিন্তা করতে হবে না।’

২০০৭ সালে কলকাতা ছেড়েছিলেন তসলিমা

২০০৭ সালের নভেম্বরের শেষদিকে কলকাতা ছাড়তে হয় তসলিমাকে। কারণ, তাঁর এই শহরে থাকা নিয়ে কলকাতার রাস্তায় তাণ্ডব চালায় মৌলবাদীরা। তৎকালীন বামফ্রন্ট পরিচালিত রাজ্য সরকার পরদিনই তসলিমাকে শহরছাড়া করে। তারপর থেকে আর এই শহরে ফিরতে পারেননি লেখিকা। এবার বর্তমান রাজ্য সরকার তাঁকে কলকাতায় ফিরে আসার সুযোগ দিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।