Suvendu Adhikari: উৎসবের মরশুম শুরুর আগেই ভাতা বাড়ল কর্মবন্ধুদের। এছাড়াও রাজ্য পুলিশের চাকরিতে নিয়োগে একগুচ্ছ নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu Adhikari: উৎসবের ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে বিজেপি সরকারের বাংলায় প্রথম দুর্গাপুজোয় কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো শুরুর আগেই কর্মক্ষেত্র থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি নিয়ে নয়া ঘোষণা করল সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের কর্মক্ষেত্র সচল করতে একগুচ্ছ নতুন ঘোষণা শুভেন্দু অধিকারীর।

পুজোর আগে একগুচ্ছ নয়া পদক্ষেপ সরকারের- 

তফসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের খাবারে বরাদ্দ বৃদ্ধি থেকে কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানো, পুলিশে নিয়োগপত্র থেকে মহিলাদের উচ্চশিক্ষায় নতুন প্রকল্প চালু – মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা উৎসবের মরশুমে। শুধু তাই নয়, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, খুব দ্রুতই আরও অনেক ক্ষেত্রে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এমনকী আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারের বেশি নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুজোর আগেই ভাতা বৃদ্ধি সরকারের:-

একই সঙ্গে পুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দফতরের সাফাইকর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। চলতি মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানাকে ৪০০ গাড়ি ও ৪৫০ বাইক দেওয়া হবে।

সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে আরও বেশ কিছু সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দফতরে ১৪,৪৫৪ নতুন নিয়োগ হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করে দ্রুত নিয়োগ পাবে। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেই নিয়োগ হবে। বনদফতর, দমকল বিভাগ, কারাবিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে চাকরি পাবেন যোগ্যরা। শিক্ষাক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তফসিলি জাতি-উপজাতি শ্রেণিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারে বরাদ্দবৃদ্ধি হয়েছে। ১৮০০ টাকা থেকে ৩৩০০ টাকা করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় প্রকল্প ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালু হল রাজ্যে। সব মিলিয়ে পুজোর আগে কর্মক্ষেত্রে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।