রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে  ছুটির দিনেও পালা করে অফিসে আসতে হবে সরকারি কর্মীদের। উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্যের জন্য এবং সরকারি কাজ নির্বিঘ্নে চালাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  কোন দফতর? জানুন

এবার ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে সমস্ত কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের। বৃহস্পতিবার এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমনিতেই রাজ্য সরকারের সব উচ্চপদস্থ আধিকারিককে প্রয়োজন মতো শনি ও রবি বা অন্য কোনও ছুটির দিনে অফিস আসতে হয়। এবার তাঁদের সাহায্যের জন্যই রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন সেলের (শাখা) কর্মীদেরও পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, উচ্চপদস্থ আধিকারিকেরা শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও সরকারি কাজ পরিচালনা করেন। তাই দফতরের বিভিন্ন শাখাকেও প্রয়োজন অনুযায়ী অফিসে আসতে হবে। কে কবে আসবেন তার জন্য নতুন রোস্টার তৈরি হবে। সরকারি কাজ নির্বিঘ্নে চালানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে।

নবান্নের একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওই দফতরের অধীনেই বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও-র দফতর রয়েছে, তাই পরবর্তীতে এই অফিসগুলিতেও ছুটির দিনে পালা করে অফিসে হাজিরার এমন নির্দেশিকা জারি হতে পারে।

অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন হিসাবে ৬ জুলাই পূর্ণ দিবস ও ১ জুলাই অর্ধ দিবস বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন।