Advocate Mamata Banerjee: এবার আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়! মামলা লড়বেন সুপ্রিম কোর্টে

বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। সূত্রের দাবি, সেই দিন শীর্ষ আদালতে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে সুপ্রিম কোর্ট থেকে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। ফলে শুনানিতে তাঁর উপস্থিতির সম্ভাবনা যথেষ্ট জোরালো বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যম পোস্টেও সেই ইঙ্গিত মিলেছে। 

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন, যা এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ২১ নম্বরে। একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটি তালিকায় রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর দায়ের করা মামলাটি রয়েছে ৩৬ নম্বরে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে।

 সেখানে দেখা যাচ্ছে, নীল পাড়-সাদা শাড়ি ও আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। পোস্টে লেখা হয়েছে, ‘শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার বিরুদ্ধে লড়াই করতে চলেছেন।’ ছবির ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘জনতার আইনজীবী বনাম অন্যায়ের আইনজীবী’। এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসে। 

বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলে বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসআইআরে প্রভাবিত ১২ জন পরিবারের সদস্য। এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের ঠিক আগে আবারও একটি চিঠিতে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপত্তি জানান। সেখানে তাঁর অভিযোগ ছিল, মানবিক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে আইন ও বিধি লঙ্ঘন করে এসআইআর কার্যকর করা হচ্ছে। এবার সেই বিষয়েই সুপ্রিম কোর্টে যুক্তি তুলে ধরতে চলেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।