Mamata Banerjee: কেরলের নাম বদলে কেরলম করায় BJP-CPMকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার নাম বদলের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি আর সিপিএম জোট এখন প্রকাশ্যে।
কেরলের নাম বদলে 'কেরলম' হতে চলেছে। তাতেই রীতমত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি গোটা বিষয়টিতে বাম- বিজেপির একতাই দেখছেন। সেই বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রধান প্রতিপক্ষ বিজেপি। বিরোধী দল হিসেবে আসন্ন ভোটের ময়দানে রয়েছে সিপিএম-ও। অন্যদিকে এবার কেরলে সিপিএম-এর সঙ্গে মূললড়াই কংগ্রেস র বিজেপির।
কেরলের নাম পরিবর্তন
কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, 'কেরল (নাম পরিবর্তন) বিল, ২০২৬' নামে একটি বিল রাজ্যের বিধানসভার মতামতের জন্য পাঠানো হবে। কেরলরে নাম পরিবর্তন করে করা হবে কেরলম।
ভোটের আগেই নাম পরিবর্তন
বিশেষ ব্যাপার হল, এই বছরই কেরলে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, "কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৩ নম্বর ধারা মেনে বিলটি কেরল বিধানসভার কাছে পাঠাবেন তাদের মতামত জানার জন্য।" কেরল বিধানসভার মতামত পাওয়ার পর কেন্দ্র পরবর্তী পদক্ষেপ নেবে। এরপর রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে 'কেরল' রাজ্যের নাম বদলে 'কেরলম' করার জন্য বিলটি সংসদে পেশ করা হবে। প্রসঙ্গত, কেরল বিধানসভা ২০২৪ সালের জুন মাসেই রাজ্যের নাম 'কেরল' থেকে 'কেরলম' করার জন্য একটি প্রস্তাব পাশ করেছিল।
নাম পরবর্তনের দাবি
শুরু কেরল নয়, নাম পরবর্তনের আর্জি জানান হয়েছিল পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০২৮ সালে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা বা বঙ্গ রাখতে চেয়েছিলেন। কিন্তু তাতে এখনও পর্যন্ত সায় দেয়নি কেন্দ্র। তাতেই বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেরলের নাম পরবর্তন করে কেরলম রাখায় একহাত নিয়েছেন, সিপিএম আর বিজেপিকে। তিনি বলেছেন, কেরলে বিজেপি আর সিপিএম যোগের কারণেই এই নাম পরিবর্তন সম্ভব হয়েছে। আর বিজেপি আর সিপিএম-এর যোগ এখন আর অলিখিত নয়, লিখিত। যদিও নাম পরিবর্তন নিয়ে কেরলবাসীর দীর্ঘ দিনের দাবি পুরণ হয়েছে বলে কেরলের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন মমতা। মঙ্গলবার কেরলের নাম পরিবর্তন হওয়ার পরেই মমতা বলেন, 'আমাদের দীর্ঘ দিন ধরেই Y-Z এ পড়ে থাকতে হবে কেন? আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তখন তাদের পিছনের বেঞ্চে বসতে হয়। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কোথাও গেলে সবার শেষে আমাকে বলার সুযোগ দেওয়া হয়। এই নামের বর্ণানুক্রমেই। বাংলার সংস্কৃতি, সভ্যতা, মাননশক্তি, চিন্তা, দর্শন- সব ভেবে রাজ্যটার নাম বাংলা করতে চেয়েছিলাম। বিধানসভায় দুই থেকে তিনবার পাশ করেছি। আপনারা দেননি।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'একবার যখন দিলাম ওরা বলল আপনারা নামটাকে বাংলা, হিন্দি, ইংরেজি এক শব্দ করে দিন। তখন আমরা আবার বিধানসভায় নতুন প্রস্তাব পাশ করালাম। তিন ভাষাতেই বাংলা হয়। '
মমতা জানান তারপরেও কেন্দ্র অনুমতি দেয়নি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তিনি দরবার করেছেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তারপরই বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছে, অন্য রাজ্যের নাম পরিবর্তন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তবে কেরলের নাম পরিবর্তনের কারণ জানিয়েছেন মমতা। তিনি বলেন, 'ওরা পেয়ে গেল, কারণ আজ কেরলে বিজেপির সঙ্গে সিপিএমের জোট গড়ে উঠছে বলে। অলিখিত যোগ নয়, এটা এখন লিখিত যোগ। আজকের ঘটনা তার প্রমাণ।' মমতার প্রশ্ন, 'বাংলা কেন বারবার বঞ্চিত হবে? এক দিন তো আপনারা চলে যাবেন! বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে ছাড়ব।'


