Narendra Modi: বুধবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। তার আগে রবিবার ফের বাংলায় ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাঙালি আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মহিলা, মতুয়াদের মন জয় করার চেষ্টাও করলেন।
KNOW
2026 West Bengal Legislative Assembly Election: উত্তর ২৪ পরগনার মতুয়া-গড় ঠাকুরনগরে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বললেন, 'আপনাদের একটা ভোট দরকার। তারপরই তৃণমূল কংগ্রেসের (AITC) কাটমানি, দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, সিন্ডিকেটরাজ থেকে বাংলাকে স্বাধীনতা দেব। নেতাজি বলেছিলেন রক্তের বদলে স্বাধীনতার কথা। আমি আপনাদের থেকে একটা করে ভোট চাইছি।' তৃণমূলকে তোপ দেগে মোদী আরও বলেন, 'একটাই দোকান চলছে রাজ্য। সেটা তৃণমূলের সিন্ডিকেট-কাটমানির দোকান। এমন সরকারকে ক্ষমতাচ্যুত করতেই হবে। ওদের রাজ্য থেকে তাড়াতেই হবে। তাই সারা বাংলা একই স্লোগান তুলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।'
মতুয়াদের বিশেষ বার্তা মোদীর
বাংলাদেশ (Bangladesh) থেকে ধর্মীয় কারণে এদেশে চলে আসতে বাধ্য হওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষজনের প্রতি মোদীর বার্তা, 'আমি স্পষ্ট করে বলছি, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। স্থায়ী ঠিকানা পাবেন। প্রত্যেক কাগজ পাবেন যা আপনাদের জন্য দরকারি। সবাই অধিকার পাবেন যা প্রত্যেক ভারতবাসী পান। এটা মোদীর গ্যারান্টি। কিন্তু তৃণমূলের মিথ্যে থেকে আপনাদের সতর্ক থাকতে হবে।' জনসংঘ পূর্ববঙ্গ থেকে বিতাড়িত শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিল। তখন তাদের কোনও সরকার ছিল না, কিন্তু শরণার্থীদের কথা তারাই প্রথম তুলেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shyama Prasad Mukherjee) শরণার্থীদের প্রবক্তা মানা হত। ওঁর সংস্কারই আমাদের মধ্যে রয়েছে। আজ আমরা সকল শরণার্থী পরিবারের সুরক্ষা নিজেদের দায়িত্ব হিসেবে মনে করি। আপনাদের সুখ-দুঃখের চিন্তা করা আমাদের দায়িত্ব। তাই আমি সিএএ আইন জারি করেছি।'
মহিলাদের পাশে থাকার বার্তা মোদীর
মহিলাদের নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেছেন, 'রাজ্যের জঙ্গলরাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলারাই। আর তাঁদের চোখে ক্ষোভ স্পষ্ট। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং সেই ঘটনায় শাসক দল অভিযুক্তদের সমর্থন করেছে। মহিলাদের অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং এই ধরনের ঘটনা মানুষ ভুলে যাননি। বর্তমান সরকারের আমলে মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটছে। অথচ মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকারের কোনও চিন্তা নেই।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

