Nepal Travel Rules: ভারতীয় নম্বরের গাড়ি নিয়ে নেপাল সফরে যেতে চাইছেন? তা হলে এবার থেকে মানতে হবে আরও কড়া নিয়ম। সীমান্তে ভিড় কমানো, কর ফাঁকি ও নিয়মভঙ্গ রুখতে এবং পর্যটনকে আরও কঠোর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করল নেপাল সরকার।
Nepal Travel Rules: ভারতীয় নম্বরের গাড়ি নিয়ে নেপাল সফরে যেতে চাইছেন? তা হলে এবার থেকে মানতে হবে আরও কড়া নিয়ম। সীমান্তে ভিড় কমানো, কর ফাঁকি ও নিয়মভঙ্গ রুখতে এবং পর্যটনকে আরও কঠোর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করল নেপাল সরকার। নেপালের অর্থ মন্ত্রকের অধীনে থাকা 'ডিপার্টমেন্ট অফ কাস্টমস' সম্প্রতি ভারতীয় গাড়ির প্রবেশ ও চলাচল সংক্রান্ত একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করেছে। পাশাপাশি চালু হয়েছে অনলাইন টেম্পোরারি ইমপোর্ট ভেহিকল (TIV) রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম। এই ডিজিটাল পরিষেবার উদ্বোধন করেছেন নেপালের অর্থমন্ত্রী ডঃ স্বর্ণিম ওয়াগলে।

নেপাল ভ্রমণের নয়া নিয়ম
নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় ব্যক্তিগত পর্যটক গাড়ি বছরে মোট ৩০ দিন নেপালে থাকতে পারবে। এই ৩০ দিন একটানা ব্যবহার করা যেতে পারে, আবার একাধিক সফরে ভাগ করেও ব্যবহার করা যাবে। তবে এই সীমা অতিক্রম করার কোনও সুযোগ নেই। অতিরিক্ত টাকা দিলেও মেয়াদ বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে নেপাল প্রশাসন। এখন থেকে সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে নেপালের ভিতরে প্রবেশ করতে হলে সমস্ত ভারতীয় ব্যক্তিগত গাড়িকে টেম্পোরারি ইমপোর্ট ভেহিকল সিস্টেমে নথিভুক্ত করতে হবে। নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই গাড়ির তথ্য জমা দেওয়া ও ফি মেটানো যাবে। সফল রেজিস্ট্রেশনের পর ই-মেলের মাধ্যমে একটি QR কোড দেওয়া হবে, যা ডিজিটাল পারমিট হিসেবে কাজ করবে। সীমান্ত চেকপোস্ট থেকে শুরু করে নেপালের ভিতরেও বিভিন্ন জায়গায় এই QR কোড দেখাতে হবে।
বাণিজ্য়িক গাড়ির ক্ষেত্রে নিয়ম
তবে বাণিজ্যিক ও পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে আপাতত কিছু নিয়মে ছাড় রাখা হয়েছে, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যে প্রভাব না পড়ে। অন্যদিকে, ভারতীয় গাড়ি সীমান্তের কাছাকাছি নেপালের বাজার বা পৌর এলাকায় একদিনের সফরে যেতে পারবে সম্পূর্ণ কাস্টমস ডিউটি ছাড়াই। কিন্তু সেক্ষেত্রেও ‘ডে পাস’ বা চালান বাধ্যতামূলক। একই দিনে ভারতে ফেরার সময় সেই ডে পাস জমা দিতে হবে।
নয়া আরও বেশ কিছু নিয়ম
যারা নেপালে রাত কাটাতে চান বা বেশ কয়েকদিনের ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের নির্দিষ্ট কাস্টমস চার্জ বা টোল ট্যাক্স দিতে হবে। গাড়ির ধরন অনুযায়ী এই ফি সাধারণত ১৫০ থেকে ৫০০ নেপালি রুপির মধ্যে হতে পারে। দুই চাকার গাড়ির ক্ষেত্রে কম এবং চার চাকার গাড়ির ক্ষেত্রে তুলনামূলক বেশি চার্জ ধার্য করা হয়েছে। এখন থেকে এই অর্থও অনলাইনে জমা দেওয়া যাবে। নতুন নিয়ম ভাঙলে কড়া শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। অনুমতি ছাড়া গাড়ি চালানো, নির্ধারিত সময়ের বেশি থাকা বা নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানা করা হবে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওভারস্টে (নির্ধারিত সময়ের বেশি) করলে দুই চাকার গাড়ির জন্য দৈনিক প্রায় ২০০০ নেপালি রুপি এবং চার চাকার গাড়ির জন্য প্রায় ২৫০০ নেপালি রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে গাড়ি বাজেয়াপ্ত করে নিলাম পর্যন্ত করা হতে পারে।
QR কোড সহ অনুমতিপত্র
নেপাল প্রশাসন আরও জানিয়েছে, ভারত থেকে কেনা এবং ১০০ নেপালি রুপির বেশি MRP-র পণ্য নিয়ে গেলে অতিরিক্ত কাস্টমস নজরদারির মুখে পড়তে হতে পারে। কোনও পণ্যে স্পষ্ট MRP না থাকলে তা বাজেয়াপ্তও করা হতে পারে। ভারতীয় গাড়িচালকদের সবসময় সঙ্গে রাখতে হবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিমার কাগজপত্র এবং QR কোড-সহ অনুমতিপত্র। নেপাল সরকার জানিয়েছে, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে সীমান্তে দীর্ঘ লাইনের সমস্যা অনেকটাই কমবে এবং পারমিট নবীকরণও অনলাইনে করা যাবে।
কোথায় কোথায় এই নিয়ম প্রযোজ্য
এই নিয়ম মোটরবাইক, গাড়ি, জিপ, ভ্যান-সহ বিভিন্ন ব্যক্তিগত পর্যটক গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। ভারত থেকে সড়কপথে নেপালে যাওয়া পর্যটকদের জন্য গোটা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি নেপাল সরকারের। এদিকে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসও ভ্রমণকারীদের নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। সফরের আগে নেপালের ডিপার্টমেন্ট অফ কাস্টমসের ওয়েবসাইটে গিয়ে নতুন নিয়ম, ফি এবং টিআইভি রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দেখে নেওয়ার আবেদন করা হয়েছে।


