উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় এবার এনকাউন্টারের খবর। কুলিক ফরেস্ট থেকে নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই অভিযুক্ত দিলীপ রায়ের পুলিশের গুলিতে মৃত্যুর খবর সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।
গত সপ্তাহে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হলেও তার সন্ধান মেলেনি। পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বা়ড়ি থেকে বেরিয়েছিল। তার পর আর ফেরেনি। দু’দিন পর পচাগলা অবস্থায় নিকটবর্তী জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়। কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের অভিযোগ ছিল, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
ঘটনায় তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ১০৩(১), ২৩৮ ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছিল। ঘটনার তদন্তে একাধিক পুলিশি দল গঠন করা হয়। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। নাবালিকার শেষ গতিবিধি এবং তার সাইকেল উদ্ধারের জায়গা নিয়েও তদন্ত শুরু হয়।
পুলিশের দাবি, ৯ নভেম্বর ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অভিযুক্তের লুকিয়ে থাকার খবর আসে। এরপর ভোর সাড়ে ৩টে নাগাদ ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালান। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত দিলীপ রায়। এরপর তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত দিলীপের দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত বিহার সীমান্ত দিয়ে ভিন্রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থ এনকাউন্টারের ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেখানে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান প্রভাস। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।
এর পর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। অভিযোগ, এই ক্ষেত্রেও ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত।
একই দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় ধৃত সামাউল হকের মৃত্যু হয় এনকাউন্টারে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যুর পর সেই তালিকায় যুক্ত হল চতুর্থ ঘটনা।














