ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। ১১০৬ দিনেরও বেশি শহিদ মিনারে অবস্থান করছে সরকারি কর্মচারীদের একাংশ। 

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। ১১০৬ দিনেরও বেশি শহিদ মিনারে অবস্থান করছে সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টের রায় আসতেই খুশিতে মেতে ওঠেন সরকারি কর্মচারীরা। মিষ্টি বিলি শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলায় রায় ঘোষণা করেছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এখনই রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেয়। ৩১ মার্চের মধ্যে এই বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। বাকি ৭৫ শতাংশ ডিএ দেওয়া নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। আর রাজ্য সরকারি কর্মচারী পাচ্ছেন ১৮%। কেন্দ্র ও রাজ্য DA-র মধ্যে ফারাক ৪০%। পাশাপাশি অষ্টম বেতন কমিশন কার্যকল হলে কেন্দ্রের DA-র হার আরও ২% বেড়ে যাবে। ২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫% DA মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। আরও ৬ মাস সময় চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সেপ্টেম্বরে শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। আজকে রায় দেওয়া হয়েছে।

আজকের রায় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, 'আজকের রায়ে স্পষ্ট হল মুখ্যমন্ত্রী যতই আমাদের কুকুর, বেড়াল, চোর, ডাকাত বলে থাকুন। আজকে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়ে গেল কে কুকুর, চোর, ডাকাত। কর্মচারীদের অধিকার স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চ না থাকলে এই জায় আসত না। এই জয় সমস্ত কর্মচারীদের। যে সমস্ত কর্মচারী আমাদের বাধা দিয়েছে, তাদের লজ্জা থাকলে এক টাকা নেবেন না। যে পুলিশ আমাদের মেরেছে, বাধা দিয়েছে, তারাও এক টাকা নেবেন না। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে। আর মুখ না পুড়িয়ে রাজ্য সরকারের উচিত আজকেই বকেয়া ডিএ দিয়ে দেওয়া।'

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের আন্দোলনে চাপে পড়ে কিছুটা ডিএ দিয়েছিল, পুরোটা দেয়নি। আজকের রায়ে আমাজের জয় এসেছে। নিন্ম আদালতেও আমাদের জয় এসেছিল। সুপ্রিম কোর্টেও জয় এল। ২৫ শতাংশ ডিএ দেওয়ার রায় আগেই ছিল। রাজ্য সরকার মানেনি সেই রায়। আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আগুন নিয়ে খেলবেন না। এই ভোটের মুখে রায় যদি মানা না হয় তাহলে যে আন্দোলনের মুখে আপনি পড়বেন তাতে আপনি নিজেই আন্দোলন শিখে যাবেন। ডিএ স্বীকৃত অধিকার।’