Sikkim Travel Cost: নতুন বছর শুরুর আগেই ভ্রমণ প্রেমীদের জন্য রয়েছে মন খারাপের খবর। কারণ, এবার থেকে সিকিম বেড়াতে গেলে ঘুরতে হবে অতিরিক্ত টাকা। কিন্তু কেন? সম্প্রতি সিকিম সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Sikkim Travel Cost: পাহাড়ের টানে সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এবার ভ্রমণের বাজেটে রাখতে হবে অতিরিক্ত টাকা। ছাঙ্গু লেক, নাথুলা পাস কিংবা বাবা মন্দিরে যাওয়ার ক্ষেত্রে পর্যটকবাহী গাড়ির উপর নতুন ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। শুধু চারচাকা গাড়ি নয়, ব্যক্তিগত বাইকের ক্ষেত্রেও ধার্য হয়েছে প্রবেশমূল্য। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা।

সিকিম ভ্রমণে এবার থেকে বাড়তি খরচ:- 

জানা গিয়েছে, সিকিমের একাধিক জনপ্রিয় পর্যটন রুটে প্রবেশের ক্ষেত্রে পর্যটকবাহী গাড়ির উপর নতুন মাশুল বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। গাড়ির আসন সংখ্যা এবং শ্রেণি অনুযায়ী ধার্য করা হয়েছে পৃথক প্রবেশমূল্য। ছোট চারচাকা গাড়ি থেকে শুরু করে বড় বাস, এমনকী ব্যক্তিগত বাইকের ক্ষেত্রেও দিতে হবে নির্ধারিত ফি। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে সিকিম ভ্রমণের খরচ। পাশাপাশি উদ্বেগ তৈরি হয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ির মালিক ও ট্যুর অপারেটরদের মধ্যেও।

পাহাড়, বরফে ঢাকা উপত্যকা, ছাঙ্গু লেক, নাথুলা পাস কিংবা বাবা মন্দির। সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র সিকিম। বিশেষ করে শিলিগুড়ি হয়ে প্রতিদিনই বহু পর্যটক পাড়ি দেন পাহাড়ি এই রাজ্যে। কিন্তু এবার সিকিম ভ্রমণের ক্ষেত্রে যুক্ত হতে চলেছে নতুন খরচ। সিকিম সরকারের স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের জন্য পর্যটকবাহী গাড়িগুলিকে দিতে হবে নতুন প্রবেশমূল্য।

গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনের ক্ষেত্রে গাড়ির আসন সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে মাশুল। ১০০০ সিসির বেশি ৫ আসনের চারচাকা গাড়ির জন্য দিতে হবে ১,৫০০ টাকা। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে মাশুল ২,৫০০ টাকা। ১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের জন্য ধার্য হয়েছে ৪,৫০০ টাকা। অন্যদিকে, বাসের ক্ষেত্রে দিতে হবে ৬,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। ব্যক্তিগত বাইকের জন্য প্রবেশমূল্য ৭৫০ টাকা। বাইকের পিছনে যাত্রী থাকলে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে।

অন্যদিকে, উত্তর সিকিমের মাঙ্গান ডিভিশনের ক্ষেত্রে ধার্য করা হয়েছে পৃথক মাশুল। সেখানে নির্দিষ্ট ৫ আসনের চারচাকা গাড়ির জন্য দিতে হবে ১,২০০ টাকা। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে ১,৫০০ টাকা এবং ১১ থেকে ১৫ আসনের টেম্পো ট্রাভেলারের জন্য দিতে হবে ২,৫০০ টাকা।

সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনের নাথুলা-ছাঙ্গু লেক-বাবা মন্দির-জুলুক-লিংতাম রুটের নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে কার্যকর হবে এই প্রবেশমূল্য। পাশাপাশি মাঙ্গান ডিভিশনের সাঙ্কালাং-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী নির্দিষ্ট এলাকাতেও চালু হবে একই নিয়ম।

তবে এই নতুন মাশুল থেকে ছাড় দেওয়া হয়েছে সিকিমের স্থায়ী বাসিন্দাদের। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা সিকিমের ভোটার পরিচয়পত্র থাকলে তাঁদের এই ফি দিতে হবে না। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়িগুলির ক্ষেত্রেও নতুন নির্দেশিকায় অতিরিক্ত মাশুলের উল্লেখ নেই।

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সিকিম ভ্রমণে বাড়তি খরচের মুখে পড়তে চলেছেন পর্যটকরা। বিশেষ করে পরিবার কিংবা দলবদ্ধভাবে পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে গাড়ির প্রবেশমূল্য ভ্রমণের মোট বাজেটে প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে পর্যটন ব্যবসায়, এখন সেদিকেই নজর পর্যটন মহলের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।