West Bengal Assembly Election Date 2026: রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের দিন ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় এবার তিন দফায় ভোট নেওয়া হতে পারে। ২২, ২৬ ও ৩০ এপ্রিল তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। ফল ঘোষণা হতে পারে ৩ মে। 

West Bengal Assembly Election Date 2026: রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের দিন ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় এবার তিন দফায় ভোট নেওয়া হতে পারে। ২২, ২৬ ও ৩০ এপ্রিল তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। ফল ঘোষণা হতে পারে ৩ মে। ২০২১ সালে বাংলায় আট দফায় ভোট করিয়েছিল কমিশন। এবার বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ৩ দফাতেই ভোট সারতে চাইছে কমিশন। এদিকে, এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন রয়েছে। ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০ লক্ষের বেশি নাম রয়েছে ‘বিচারাধীন’ (আন্ডার অ্যাডজুডিকেশন) তালিকায়। সূত্রের খবর, ‘বিচারাধীন’ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন আরও অন্তত ৩৬ লক্ষ ভোটার। বাকি প্রায় ২৪ লক্ষ ভোটার বাদ পড়তে পারেন ভোটার তালিকা থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৮৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ?

প্রায় ৭০০ জন বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিক এই বিচারাধীন তালিকাভুক্ত ভোটারদের নথি যাচাইয়ের কাজে নিযুক্ত রয়েছেন। রাজ্যের ৫০০ জন বিচারকের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আগত প্রায় ২০০ জন বিচারক ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তি করছেন। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআরের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সেই তালিকায় আরও প্রায় ২৪ লক্ষ নাম যুক্ত হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে অন্তত ৮৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে নামগুলি ভোটার তালিকায় যুক্ত হচ্ছে সেগুলি ও যেগুলি বাদ যাচ্ছে তার একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সোমবারই প্রথম অতিরিক্ত সেই তালিকা প্রকাশ করা হতে পারে। সেই তালিকায় নিষ্পত্তি হওয়া যাবতীয় ভোটারের নাম প্রকাশিত হবে। যাঁরা বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন, তাঁদের নামের পাশে কিছু লেখা থাকবে না। কিন্তু যেসব ভোটারের নাম বাদ যাবে, তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ শব্দটি উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে, ভোটের আগে পর্যন্ত যত ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হয়ে যাবে, তাঁরা ভোট দিতে পারবেন।

অন্যদিকে, যাদের নাম বাদ যাবে তাঁরা সরাসরি সুপ্রিম কোর্টে নির্দেশে গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারবেন ৷ শীর্ষ আদালত আগেই জানিয়েছে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে নির্বাচন কমিশন বাধ্য় ৷ তাই ট্রাব্যুনাল যেসব বাদ যাওয়া নাম যুক্ত করতে নির্দেশ দেবে, সেগুলি ভোটার তালিকায় ফের উঠবে ৷ তবে বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে কীভাবে আবেদন জানাতে পারবেন এবং ঠিক কতদিনে তার নিষ্পত্তি হবে, সেই বিষয়টি নিয়ে আলাদা বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে খবর।

ট্রাইব্যুনালে গেলে ভোট দিতে পারবেন?

জানা যাচ্ছে, যাদের নাম বাদ পড়বে, তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এপ্রিল মাসের মধ্যে ভোটগ্রহণ পর্ব শেষ করে মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল ঘোষণা হয়ে যাবে। তাই সময়ের হিসাবে অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা অন্তত এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপযুক্ত নথি সহ ট্রাইব্যুনালে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে পারলে তাঁরা ফিরে পাবেন ভোটাধিকার।