- Home
- West Bengal
- Cyclone Akvan: ‘আকভান’-এর দাপটে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ২০ নভেম্বর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়
Cyclone Akvan: ‘আকভান’-এর দাপটে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ২০ নভেম্বর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়
Cyclone Akvan: বঙ্গে শীতের আমেজের মধ্যেই আতঙ্কের কালো মেঘ উপকূলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? কতদিন পর্যন্ত থাকবে এইরকম আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

আজকের আবহাওয়ার আপডেট
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Akvan)। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও করা হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর আপডেট জানুন
ঘূর্ণিঝড় ‘আকভান’ গত ছ'ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে। সেই সময় চেন্নাই থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। বর্তমানে ঘূর্ণিঝড়টি পুরীর কাছে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়ের গতিবেগ কত?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী নরসাপুর থেকে পুরীর মধ্যে দিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় এটি তীব্র ঘূর্ণিঝড়ের রূপেই আছড়ে পড়তে পারে। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা?
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
কবে থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ?
শনিবার, অর্থাৎ ২১ নভেম্বর পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২২ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ নভেম্বর বৃষ্টির পরিমাণ কমবে। ২৪ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে আপাতত বড়সড় বৃষ্টির পূর্বাভাস নেই। ২০ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ২০ থেকে ২১ নভেম্বর মালদহ ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২৩ নভেম্বর মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ নভেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৪ নভেম্বরের পর ফের শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
সমুদ্রও উত্তাল থাকবে
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ১৯ নভেম্বর সকাল থেকে ২০ নভেম্বর দুপুর পর্যন্ত সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছেও ১৯ ও ২০ নভেম্বর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকবে।
মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
এই পরিস্থিতিতে ২০ নভেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূলের কাছেও মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে জারি করা হয়েছে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ২। সাগর বন্দরে জারি রয়েছে দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম নম্বর সতর্কসংকেত।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

